বগুড়ার শেরপুরে ভদ্রা নদীর ওপর সেতু নেই। এতে এ উপজেলার ২৪ গ্রামের ১৬ হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। সেতু না থাকায় এসব গ্রামের অনেক মেয়ের লেখাপড়া মাধ্যমিক স্তরেই শেষ হয়ে যাচ্ছে। একই কারণে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না।সরেজমিনে দেখা যায়, ভদ্রা নদী বিশালপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। এ ইউনিয়নের ৫৩টি গ্রামের মধ্যে ২৪টি গ্রাম এই সাঁকোর ওপারে। এলাকাবাসী যাতায়াতের সুবিধার জন্য কয়েক যুগ আগে এ নদীর শাহানগর এলাকায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে। এ সাঁকো দিয়ে এক পারের লোকজন অপর পারে যাচ্ছে।পাঁচ দেউলী গ্রামের রমজান আলী, কহিতকুলের মো. শাজাহান ও সিমলার মো. আরশেদ মিয়া জানান, সেতু না থাকায় তাঁরা তাঁদের মেয়েদের ইচ্ছে থাকলেও উপজেলা শহরে কলেজে লেখাপড়া করতে পাঠাতে পারছেন না। বিশালপুর ইউপির সদস্যদের মধ্যে জাকির হোসেন, সামছুল হক, মর্জিনা বিবি ও শাজাহান আলী জানান, এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলার সমন্বয় কমিটির সভায় সেতু নির্মাণের দাবি তুলে ধরা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. শামসুজ্জামান জানান, সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এখনো অনুমোদন না পাওয়ায় পরবর্তী কার্যক্রম শুরু করা যাচ্ছে না।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান জানান, ওই এলাকায় নতুন করে ঢালাই সেতু নির্মাণে জন্য তিনি উর্ধ্বতন বিভাগে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন।