১৬টি ইটভাটাসহ ২৪টি প্রতিষ্ঠানের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের মাধ্যমে পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় ব্রাহ্মণবাড়িয়ার ১৬টি ইটভাটাসহ ২৪টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ফরহাদ হোসেন গতকাল সোমবার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, গত শনি ও রোববার ইট, পানীয় জল ও বেকারি (পাউরুটি, বিস্কুট ও কেক) পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই অভিযান চালায়। জেলার সব উপজেলার ৪০টি ইটভাটা, ১০টি খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ও প্রসাধনী তৈরির কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ১৬টি ইটভাটা, দুটি পানির প্রতিষ্ঠান, পাঁচটি বেকারি ও প্রসাধনী তৈরির একটি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে পণ্য বিক্রয় ও বিতরণ করতে দেখা যায়। গতকাল এসব প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।
যে ইটভাটাগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো হলো: সদরের গোকর্ণঘাটের গোলাপ মিয়ার বন্ধন ব্রিকস, নজরুল ইসলাম খানের আশুগঞ্জ পূর্ব বাজার বিওসি ঘাটের মেঘনা ব্রিকস, নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের খেয়াঘাটের রংগন ব্রিকস অ্যান্ড কোং (ইউনিট-১, ২), নান্নু মিয়ার বিরাসার ব্রিকস অ্যান্ড কোং, জাকির হোসেনের আশা ব্রিকস অ্যান্ড কোং (ইউনিট-১, ২), নাসিরনগরের ধনকুড়া এলাকায় শাহজাহান সিরাজের বি.বাড়িয়া ব্রিকস, নুরুল ইসলামের সরাইল ও শাহবাজপুরে অবস্থিত কল্যাণ ব্রিকস অ্যান্ড কোং নামের দুটি ইটভাটা, কালিকচ্ছের শফিকুল ইসলাম মুন্সির নিউ সফল ব্রিকস, বিজয়নগরের চম্পকনগরে অবস্থিত মো. কামরুজ্জামানের খান ব্রিকস ও একই উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুরে হোসেন ভূঁইয়ার খাজা ব্রিকস, আখাউড়ার গঙ্গাসাগরে শাহ আলমের হূদয় ব্রিকস, কসবার কুটি চৌমুহনীর গিয়াসউদ্দিন ও শামীম রেজার এম এস ব্রিকস এবং সৈয়দাবাদে আলী চৌধুরীর শাভন ব্রিকস অ্যান্ড কোং।
এ ছাড়া সদর উপজেলার নন্দনপুর বিসিকে অবস্থিত আবুল হোসেনের মুন্নি সোপ ফ্যাক্টরি, আশুগঞ্জের ফেরিঘাটে শামীম রেজা ও ফরিদ মিয়া জমজম পিওর ড্রিংকিং ওয়াটার ও একই এলাকার শাহাদাত হোসেনের জনতা পিওর ড্রিংকিং ওয়াটার, আখাউড়ার কলেজ রোডে হাফেজ মো. বায়েজিদের মুন্নি ফুড প্রোডাক্টস (ইসলামিয়া বেকারি), নয়াবাজারে আবু মুছা ভূঁইয়ার আঁখি ফুড প্রোডাক্টস, মুগড়া বাজারে আলমগীর হোসেনের বিছমিল্লাহ ফুড প্রোডাক্টস, ওবায়দুল হকের ডলফিন ফুড প্রোডাক্টস ও আশুগঞ্জের বাগানবাড়ির মাহফুজ মিয়ার নন্দন ফুড প্রোডাক্টের বিরুদ্ধে মামলা করা হয়।
চট্টগ্রামের বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ জানান, দুই দিন ধরে তাঁরা এই অভিযান পরিচালনা করেন। এসব প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ছাড়া পণ্য বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ: শেরপুর প্রতিনিধি জানান, গতকাল শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালত শহরের তিনটি ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে নির্বাহী হাকিম নাজমুস সাকিব ও সামছুদ্দিন মুন্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের মুখলেছ মেডিকেল হল, তৃণা মেডিসিন সেন্টার ও মীম মেডিকেল হলে অভিযান চালান। এ সময় এই তিন দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে মুখলেছ মেডিকেলকে ১৫ হাজার এবং তৃণা মেডিসিন সেন্টার ও মীম মেডিকেল থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।