১৬টি গাড়ি নিয়ে দুদিন ধরে ডুবোচরে ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তীব্র স্রোত ও ডুবোচরের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ১৬টি গাড়ি নিয়ে খানজাহান আলী ফেরিটি দৌলতদিয়া ঘাটের কাছে অ্যাপ্রোচ চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেটি উদ্ধার করা যায়নি।খানজাহান আলী ফেরির মাস্টার আশরাফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা সাতটার দিকে পাটুরিয়া থেকে চারটি যাত্রীবাহী বাস, ১০টি পণ্যবাহী ট্রাক ও দুটি ব্যক্তিগত গাড়ি নিয়ে রওনা হন। প্রায় ৪০ মিনিট পর দৌলতদিয়া ঘাটে যেতে অ্যাপ্রোচ চ্যানেলে প্রবেশ করা মাত্র ঘূর্ণি স্রোতের তোড়ে ফেরিটি ডুবোচরে গিয়ে আটকে যায়। দফায় দফায় চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে ডুবোচর থেকে মুক্ত হয়ে ঘাটমুখী রওনা করা মাত্র আবার স্রোতের ধাক্কায় ফেরির মাথা পুরো ঘুরে ডুবোচরে গিয়ে আটকে যায়।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবদুস সাত্তার বলেন, ‘আমাদের উদ্ধারকারী আইটি জাহাজগুলোর বয়স অনেক বেশি হওয়ায় ক্ষমতা কমে গেছে। এ কারণে আইটি জাহাজের সঙ্গে অন্য ফেরি যোগ করে দ্বিগুণ শক্তি সঞ্চয় করেও ফেরিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। নদীতে স্রোতের তীব্রতা এত বেশি যে চ্যানেলে প্রবেশ করা মাত্র স্রোতের ঘূর্ণির কারণে ফেরির দিক ঠিক রাখাই কঠিন হয়ে পড়ছে। এ জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’