১৬টি দোকান সরকারদলীয় দুই নেতার মধ্যে ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা পরিষদ সুপার মার্কেটের ১৬টি দোকান সরকারদলীয় দুই নেতা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গোপনে দোকানগুলো নিয়ে নেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য সরকার মাহমুদ জাবেদ এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিন্টু।আগামী ৩ অক্টোবর পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টির আনুষ্ঠানিকতা শেষ হবে। সার্কুলেশন কম এমন তিনটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দোকানগুলো নিজেদের কবজায় গোপনে নিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কুমিল্লা শহরের কান্দিরপাড় মৌজার ২, ৩ ও ৪ নম্বর দাগে পশ্চিম বাগিচাগাঁও এলাকার রিজার্ভ ট্যাংকের উত্তর পাড়ে জেলা পরিষদ সুপার মার্কেটটি অবস্থিত। ওই মার্কেটের দ্বিতীয়তলার বর্ধিত অংশে ১৬টি দোকান সেলামির মাধ্যমে বরাদ্দের দরপত্র দেওয়া হয়। গত ২৫ ও ২৬ আগস্ট যথাক্রমে দৈনিক গণমুক্তি, শিরোনাম ও দ্য নিউ নেশন পত্রিকায় ওই বিজ্ঞপ্তি ছাপা হয়। এতে বলা হয়, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে দরপত্র পাওয়া যাবে। ১১ সেপ্টেম্বর দরপত্র বিক্রির শেষ দিন ছিল। ১২ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। সেই সময়ের মধ্যে ওই দুই নেতার ২২টি দরপত্র জমা পড়ে। বিকেল চারটায় দরপত্র বাক্স খুলে সরকার মাহমুদ জাবেদ ও আতিকুর রহমান পিন্টুর ফেলা দরপত্রগুলো মনোনীত করা হয়। আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ওই দোকানগুলো তাঁদের নামে চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হবে বলে জানা গেছে।সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ১৬টির মধ্যে ১০টি দোকান সরকার মাহমুদ জাবেদ এবং ছয়টি দোকান আতিকুর রহমান পিন্টু ভাগাভাগি করে নেন। পরে তাঁরা বিভিন্নজনের কাছে দোকানগুলো বিক্রি করেন।জেলা পরিষদের নথি ঘেঁটে দেখা গেছে, আতিকুর রহমান পিন্টুর নামে ছয়টি, সরকার মাহমুদ জাবেদের নামে পাঁচটি, পুরাতন চৌধুরীপাড়ার রোকনউদ্দিনের নামে দুটি, কান্দিরপাড়ের কে এম তাওসিফ সিদ্দিকীর নামে দুটি, ধর্মপুরের আবুল কাসেমের নামে দুটি, শহরের ছোটরা এলাকার বাসিন্দা মো. রাশেদ আহমেদের নামে একটি, রেইসকোর্সের ধানমন্ডি এলাকার ফারহানা ইয়াসমিন ভূঞার নামে একটি, শহরতলির সাতোরা এলাকার গাজী রিয়াজ মাহমুদের নামে একটি, গাংচরের মো. জহিরুল ইসলামের নামে একটি ও নাঙ্গলকোটের পদুয়া গ্রামের মো. আরিফুর রহমানের নামে দোকান বরাদ্দের একটি আবেদনপত্র জমা রয়েছে। সেখানকার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উভয় নেতা দোকানগুলো নিজেদের নামে ভাগিয়ে নেন।নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা জানান, এমন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা ওই দুই নেতা ছাড়া আর কেউই জানত না। এমনকি ওই দরপত্রও বিভিন্ন স্থানে পাওয়া যায়নি।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকার মাহমুদ জাবেদ বলেন, ‘আমি ও আমার অনুসারীরা ১০টি এবং আতিকুর রহমান পিন্টুর অনুসারীরা ছয়টি দোকান পেয়েছে। নিয়মমাফিক আবেদন করে আমরা দোকানগুলো পেয়েছি।’ আতিকুর রহমান পিন্টুও ছয়টি দোকান পাওয়ার কথা নিশ্চিত করেন।কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রধান গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর দপ্তরে বলেন, তাঁদের আবেদনগুলোই এখানে জমা পড়েছে। আগামী ৩ অক্টোবর পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দরপত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সবখানেই দরপত্র ছিল। কেউ না জানলে এটা তো আমাদের ব্যাপার নয়।’