১৬টি পাখির শরীরে ট্রান্সমিটার স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতিবিধি পর্যবেক্ষণে হাকালুকি হাওরে পরিযায়ী পাখির শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ও রিং পরানোর কার্যক্রম গতকাল শুক্রবার শেষ হয়েছে। মোট ১৬টি পাখির শরীরে ট্রান্সমিটার স্থাপন ও ৩৪টি পাখির পায়ে রিং পরানো হয়। এসব পরিযায়ী পাখি থেকে বার্ড ফ্লু ছড়ায় কি না—তা পরীক্ষা করতে পাখিগুলোর শরীর থেকে রক্ত, লালা ও বিষ্ঠা সংগ্রহ করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ জানান, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ ও বাংলাদেশ বার্ড ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ সদস্যের প্রতিনিধিদল ২ মার্চ থেকে হাকালুকি হাওরে পরিযায়ী পাখির ওপর গবেষণার কাজ শুরু করে। গতকাল সকাল পর্যন্ত মোট আটটি চখাচখি, তিনটি গিরিয়া-হাঁস ও পাঁচটি খুন্তেহাঁসের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো হয়। রিং পরানো ৩৪টি পাখির মধ্যে আছে বালিহাঁস, মরচে রং ভূতিহাঁস, জলময়ূর, কালো মাথা জলকবুতর। হাকালুকি হাওরের বালিজুরী, পলোভাংরা ও উজানতরল বিল এলাকা থেকে এই পাখিগুলো ধরা হয়েছিল। এই কার্যক্রম গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়।সিডব্লিউবিএমপি সূত্র জানিয়েছে, যেসব পাখি পানিতে ডুব না দিয়ে পানির ওপর ভেসে থাকে এবং ট্রান্সমিটার বহনে সক্ষম, কেবল সেসব পাখির পিঠে ট্রান্সমিটার স্থাপন করা হয়েছে। এ ধরনের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানোর ঘটনা বাংলাদেশে এই প্রথম। বশির আহমেদ জানান, পাখি ধরার জন্য ভারত থেকে দুজন পেশাদার শিকারিকে আনা হয়েছিল। অন্যদিকে ট্রান্সমিটার স্থাপন, রিং পরানো এবং পাখির রক্ত, লালা ও বিষ্ঠা সংগ্রহের কাজে অংশ নেন মুম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সহকারী পরিচালক বালা চন্দ্রন, ইউএস জিওলজিক্যাল সার্ভের পাখি বিশেষজ্ঞ নিকোলা হিল, ইউএস ওয়াইল্ড লাইফ ট্রাস্টের মি. কার্ট, আঞ্চলিক সমন্বয়কারী অ্যাকটি জর্জ, বাংলাদেশের পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক প্রমুখ। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষক আনোয়ারুল ইসলাম জানান, কিছু পরিযায়ী পাখির লালা, রক্ত ও বিষ্ঠা পরীক্ষা করে প্রাথমিকভাবে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যায়নি। ঢাকায় আরও পরীক্ষা করা হবে।এ গবেষণায় অর্থায়ন করে এফএও এবং ওয়ার্ল্ড লাইফ ইন্টারন্যাশনাল। এতে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, আইসিডিডিআরবি, বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ইউএস ওয়াইল্ড ট্রাস্টের সদস্যরা যুক্ত ছিলেন। মাঠপর্যায়ে গবেষণাকাজে সার্বিক সহযোগিতা দেয় সিডব্লিউবিএমপি।