১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি সাংসদ মান্নান ও তাঁর স্বজনেরা
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ আবদুল মান্নান ও তাঁর নিকটাত্মীয়রা ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে রয়েছেন। এর মধ্যে সাংসদ নিজে চারটি, তাঁর স্ত্রী ছয়টি এবং শ্যালক পাঁচটি প্রতিষ্ঠানের সভাপতি।
জানতে চাইলে বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ২০০৯ সালের ৮ জুন জারিকৃত সংশোধিত পরিপত্র অনুযায়ী সাংসদ সর্বোচ্চ চারটি এবং অন্যরা সর্বোচ্চ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারেন।
খোঁজ নিয়ে জানা যায়, সাংসদ আবদুল মান্নান তাঁর নির্বাচনী এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে রয়েছেন। এগুলো হলো সারিয়াকান্দি ডিগ্রি কলেজ, সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজ, ছাইহাটা ডিগ্রি কলেজ ও সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ড. এনামুল হক ডিগ্রি কলেজ। তাঁর স্ত্রী ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান সভাপতি পদে রয়েছেন সারিয়াকান্দি আবদুল মান্নান মহিলা কলেজ, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সোনাতলা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, সোনাতলা উপজেলার বালুয়াহাট উচ্চবিদ্যালয় এবং সুখানপুকুর উচ্চবিদ্যালয়ের।
সাংসদের শ্যালক ও জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মিনহাদুজ্জামান (লিটন) পাঁচটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রয়েছেন। এগুলো হলো সোনাতলা উপজেলার হরিখালী উচ্চবিদ্যালয়, পাকুল্যা উচ্চবিদ্যালয়, শেখাহাটি ইউনাইটেড উচ্চবিদ্যালয়, শালিখা উচ্চবিদ্যালয় এবং ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চবিদ্যালয়। মিনহাদুজ্জামানের স্ত্রী জহুরা খাতুন জামান সোনাতলা উপজেলার শিচারপাড়া বুলজান উচ্চবিদ্যালয়ের সভাপতি পদে রয়েছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সাংসদপত্নী সাহাদারা ও শ্যালক মিনহাদুজ্জামান যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন, সেগুলোর বেশির ভাগেরই সভাপতি ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের সরিয়ে একচ্ছত্র প্রভাব খাটিয়ে এ দুজন নিজেদের পছন্দের ব্যক্তিদের শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দিয়েছেন। কোনো কোনো প্রতিষ্ঠানে এখনো নিয়োগের প্রক্রিয়া চলছে।
সাংসদপত্নী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম খানকে সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী, মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে প্রধান শিক্ষক এবং তাঁর স্ত্রী মোকছেদা বেগমকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংসদপত্নীর খালাতো ভাই আবু সাঈদ মো. মনোয়ারুল ইসলাম। এ ছাড়া তিনি সুখানপুকুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগেও তৎপরতা শুরু করেছেন।
জানতে চাইলে সাহাদারা মান্নান প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে ছয়টি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে থাকা ঠিক নয়, সেটা আমিও বুঝি। কিন্তু আমি নিজে থেকে কোনো প্রতিষ্ঠানের সভাপতি হতে চাইনি। আমাকে সভাপতি পদে রাখলে প্রতিষ্ঠানের উন্নয়ন হবে এবং প্রতিষ্ঠানটি সাংসদের সুনজরে থাকবে—এমনটা ভেবে প্রতিষ্ঠানপ্রধানেরা আমাকে না জানিয়েই সভাপতি হিসেবে আমার নাম প্রস্তাব করে শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন।’ তিনি দাবি করেন, সভাপতি হওয়ার পেছনে তাঁর অন্য কোনো উদ্দেশ্য নেই।
এদিকে জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলামকে শেখাহাটি ইউনাইটেড উচ্চবিদ্যালয় এবং পাকুল্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম লতিফুল বারীকে পাকুল্যা উচ্চবিদ্যালয়ের সভাপতির পদ থেকে সরিয়ে সভাপতি হয়েছেন সাংসদের শ্যালক মিনহাদুজ্জামান। আনারুলের বাবা ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। আর লতিফুল বারীর বাড়ির পাশেই পাকুল্যা উচ্চবিদ্যালয়। এ দুজন অভিযোগ করেন, তাঁদের সরিয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে শিক্ষক নিয়োগে বাণিজ্য।
আনারুল ইসলাম বলেন, ‘নিয়ম লঙ্ঘন করে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অনৈতিক এই কাজে রাজি না হওয়ায় আমাকে কমিটি থেকে সরিয়ে দিয়ে সাংসদের শ্যালককে সভাপতি করা হয়েছে।’ লতিফুল বারী বলেন, ‘অযোগ্য প্রার্থীকে প্রধান শিক্ষক করার জন্য চাপ ছিল। তাতে রাজি না হয়ে নিজে থেকেই সভাপতির পদ থেকে সরে এসেছি।’
মিনহাদুজ্জামান লিটন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি কেবল হরিখালী উচ্চবিদ্যালয়, পাকুল্যা উচ্চবিদ্যালয় ও ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের সভাপতি পদে রয়েছেন। অন্য দুটির কমিটিতে আগে থাকলেও এখন নেই।
তবে শালিখা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও এনায়েত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান দাবি করেন, মিনহাদুজ্জামানই তাঁদের প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাংসদ আবদুল মান্নান ফোন ধরেননি।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নিয়মানুযায়ী একজন সাংসদ চারটি এবং অন্যরা দুটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে থাকতে পারেন না। তবে বিষয়টি তদারক করা বোর্ডের পক্ষে সম্ভব নয়। সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ দিলে বোর্ড ব্যবস্থা নেবে।