১৬টির ভবন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ নেই একটিতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর বেড়বাড়ি কমিউনিটি ক্লিনিকের ভবনের এক পাশের দেয়াল ধসে পড়েছে। দুই বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর বেড়বাড়ি কমিউনিটি ক্লিনিকের ভবনের এক পাশের দেয়াল ধসে পড়েছে। দুই বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৩৭টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এর মধ্যে ১৬টির ভবন ঝুঁকিপূর্ণ। এতে প্রসূতি ও শিশুদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৯৮ সালে সখীপুর উপজেলায় ৩৭টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে এগুলো বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ওই সব ক্লিনিক আবার চালু করে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত মাঠপর্যায়ের রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে প্রসূতিদের প্রসবের আগে ও পরে কী করণীয়, সেসব পরামর্শ ও সেবা ওই সব ক্লিনিকে দেওয়া হয়। প্রতিটি ক্লিনিকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন রোগী সেবা নেয়। কিন্তু ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ও বিদ্যুৎ-সংযোগ না থাকায় ওই সব ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা যথাযথ চিকিৎসাসেবা দিতে পারছেন না।
সরেজমিনে যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, এর ভবনের দেয়াল ফেটে ও মেঝে দেবে গেছে। ভেঙে পড়ার ভয়ে ওই ক্লিনিকের সিএইচসিপি আরিফুল ইসলাম নিজের টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে ক্লিনিক চালাচ্ছেন। আরিফুল বলেন, ‘রানা প্লাজা ধসে পড়ার পর আমি ভয়ে আরেকটি ঘর ভাড়া নিয়ে সেখানে রোগীদের সেবা দিচ্ছি।’
উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর কমিউনিটি ক্লিনিকের ভবনের অবস্থাও নড়বড়ে। ওই ক্লিনিকের সিএইচসিপি সুপ্ত আহমেদ জানান, বিদ্যুৎ না থাকায় সরকারের দেওয়া ল্যাপটপও ঠিকমতো চালানো যায় না।
বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আশিকুর রহমান জানান, ওই ক্লিনিকের মাত্র ১০ ফুট দূরেই বিদ্যুতের খুঁটি রয়েছে। অথচ ওই ক্লিনিকে বিদ্যুৎ-সংযোগ নেই। তিনি দাবি করেন, আগস্ট মাসে প্রায় ৬০০ জনকে সেবা দেওয়া হয়েছে। ওই ক্লিনিকে চিকিৎসা নিতে আসা বগা গ্রামের আবদুল কাদের বলেন, ‘ঝড়ি-বিষ্টি আইলেই এনুকার ডাক্তার ভাই ভয়েইতেই পাশের ইশকুলে চইলা যায়।’
উপজেলার কালমেঘা আটিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবু হানিফ জানান, তিনি ওই ক্লিনিকে ডায়াবেটিস, সর্দি-জ্বর, মাথাব্যথা, পাঁচ বছরের নিচে শিশুদের পুষ্টিবিষয়ক সেবা, নমুনা দেখে যক্ষ্মা রোগীদের পরামর্শসহ নানা ধরনের প্রাথমিক সেবা দিয়ে থাকেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় বিশেষ করে আকাশ মেঘলা হলে ক্লিনিকের ছোট কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে ওই সময় রোগীদের যথাযথ সেবা দেওয়া যায় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিআই রেজাউল করিম বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে বিদ্যুতের সংযোগ দিতে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। ১৭ বছর আগে তৈরি করা ভবনগুলোর দুরবস্থার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর আগ থেকেই জানে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সখীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) শাহাদাত আলী বলেন, সংশ্লিষ্ট বিভাগ থেকে ক্লিনিকগুলোতে বিদ্যুৎ-সংযোগ চাইলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।