বান্দরবান বোমাং সার্কেলের ১৬তম বোমাং রাজা বা চিফ হচ্ছেন কে এস প্রু চৌধুরী। সদ্য প্রয়াত বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরীর শেষকৃত্যানুষ্ঠান ২৪ আগস্ট শেষ হওয়ার পর কে এস প্রু চৌধুরীকে রাজা হিসেবে প্রজা ও সরকারের কাছে স্বীকৃতির জন্য ঐতিহ্যিক ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু করা হবে।গতকাল বৃহস্পতিবার রাজপরিবারের জ্যেষ্ঠতম সদস্যরা প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। ১৫তম বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরী ৮ আগস্ট মৃত্যুর পর থেকে পরবর্তী রাজা কে হবেন—এ নিয়ে জল্পনাকল্পনা বিভিন্ন জনের মধ্যে চলতে থাকে। রাজপরিবারের শোকের মুহূর্তে এ ব্যাপারে কেউ সরাসরি কথা না বলায় প্রজাসাধারণের মধ্যে আরও বেশি জানার আগ্রহ সৃষ্টি হয়।রাজপরিবারের দ্বিতীয় জ্যেষ্ঠ সদস্য উচ প্রু চৌধুরী বলেছেন, অন্যান্য রাজবংশে রাজপুত্রের রাজপদে অভিষিক্ত হওয়ার নীতি রয়েছে। কিন্তু বোমাং বংশে রাজপুত্র নন, রাজবংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য বোমাং রাজবংশের রাজপদের উত্তরাধিকারী হয়ে থাকেন। সে হিসেবে বোমাং রাজবংশে এখন ১৩তম রাজার রাজপুত্র কে এস প্রু চৌধুরী সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য হিসেবে ১৬তম বোমাং রাজা হবেন। সদ্য প্রয়াত ১৫তম বোমাং রাজার জ্যেষ্ঠপুত্র চহ্লা প্রু জিমিও (তিনি রাজবংশের তৃতীয় জ্যেষ্ঠতম সদস্য) উচ প্রু চৌধুরীর বক্তব্য সমর্থন করে বলেছেন, আগে এ ঐতিহ্য ছিল না। পঞ্চম বোমাং রাজার মৃত্যুর পর ষষ্ঠ বোমাং রাজা থেকে রাজবংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য রাজপদে অভিষিক্ত হওয়ার প্রথা চালু হয়েছিল। সেই প্রথা অনুসারে তাঁর মামা কে এস প্রু চৌধুরী রাজা হচ্ছেন, এতে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। রাজপরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ষষ্ঠ বোমাং রাজা থেকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য রাজপদের অধিকারী হওয়ার ঐতিহ্য প্রবর্তিত হয়েছিল। কিন্তু ১৪তম বোমাং রাজা মং শৈ প্রু চৌধুরীর সময় কিছুটা ব্যতিক্রম হয়েছিল। তিনি অং শৈ প্রু চৌধুরীর (সদ্য প্রয়াত বোমাং) চেয়ে বয়সে এক দিন কম ছিলেন।১৩তম বোমাং রাজা পর্যন্ত প্রজা ও রাজপরিবার রাজপদে রাজা হিসেবে অভিষেক বা অধিষ্ঠিত করে সরকারের স্বীকৃতি নেওয়ার ঐতিহ্য প্রচলিত ছিল।কিন্তু ১৪তম বোমাং রাজা মং শৈ প্রু চৌধুরীর সময় রাজপদের জন্য দুজন প্রতিদ্বন্দ্বী (মং শৈ প্রু ও সদস্য প্রয়াত অং শৈ প্রু) থাকায় রাজা হিসেবে সরকার থেকে নিয়োগ দেওয়ার পর প্রথম অভিষেক অনুষ্ঠান আয়োজনের রীতি প্রচলন হয়েছে। সে জন্য ১৬তম রাজা হিসেবে কে এস প্রু চৌধুরীকেও সরকারের কাছে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করতে হবে। সম্ভাব্য ১৬তম বোমাং রাজা কে এস প্রু চৌধুরী ১৪তম বোমাং রাজা থেকে সরকারি নিয়োগের বিষয়টি শুরু হওয়ার কথা স্বীকার করে বলেছেন, আগে নিয়োগের কোনো বিষয় ছিল না, সরকার শুধু স্বীকৃতি প্রদান করত। তিনি বলেন, সরকারিভাবে এখন নিয়োগ ও স্বীকৃতি উভয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর অনুমোদনের রেওয়াজও প্রচলন হয়েছে।প্রয়াত রাজার অন্ত্যেষ্টিক্রিয়া শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাজপদের জন্য তিনি প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়ার কাজ শুরু করবেন উল্লেখ করে কে এস প্রু চৌধুরী বলেন, রাজপরিবারের তিনি এখন সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য। রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী তাঁর রাজপদে অধিষ্ঠিত হতে কোনো সমস্যা নেই।