জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম ও জব্দ তালিকার সাক্ষী বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এজাবউদ্দিন জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তিনি বাংলা একাডেমীর পত্রিকা শাখায় কাজ করেন। সেখানে ১৯৬৪ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকা সংরক্ষিত আছে। তিনি বলেন, এ মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক খান তাঁর কাছ থেকে বিভিন্ন পত্র-পত্রিকা জব্দ করেছেন।জবানবন্দি শেষে এজাবউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।পরে রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।নবম সাক্ষীকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী জাহিদুল ইসলামকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।যে তিনজনকে পাকিস্তানি সেনারা সৈয়দ আলীর বাড়ি থেকে নিয়ে গিয়েছিল, তাঁদের নাম মনে আছে—আহসানুল হকের এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ছমির মণ্ডল, আবুল মাঝি ও আবদুল মেম্বার।জেরার একপর্যায়ে আইনজীবী বলেন, একাত্তরে আলীম জয়পুরহাটে ছিলেন না, আত্মগোপন করে ছিলেন। এ সময় সাক্ষী বলেন, এটি সত্য নয়। পরে আইনজীবী মত (সাজেশন) দেন, সাক্ষী রাজনৈতিক প্রতিহিংসায় আলীমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী বলেন, এটি সত্য নয়।জেরা শেষ হলে ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। জাহিদুল ১৫ জানুয়ারি জবানবন্দি দিয়েছিলেন।এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপত্তি: ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে আপত্তি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি (এম কে আনোয়ার) বলেছেন, যুদ্ধাপরাধের বিচার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রহসনের বিচার করছে সরকার। এই মন্তব্য বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কৌঁসুলি দৈনিক সংগ্রামসহ কয়েকটি দৈনিকের নাম উল্লেখ করেন।পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, ‘এ বিষয়ে লিখিত দিন। বিষয়টি আমরা দেখব।’