১৬০ কিলোমিটার রেলপথ নিরাপত্তায় ৭৬ পুলিশ
কুমিল্লার লাকসাম জিআরপি থানার অধীনে রেলপথের দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার, স্টেশনের সংখ্যা ৩৪। আর থানার অধীনে জনবল মাত্র ৭৬ জন। ফলে রেলপথ ও স্টেশনগুলোতে একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও তা ঠেকানো যাচ্ছে না। রেলওয়ে সূত্রে জানা গেছে, লাকসাম থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী স্টেশন, লাকসাম থেকে ফেনী, লাকসাম থেকে নোয়াখালী এবং ফেনী থেকে বিলুনিয়া নদী এলাকা পর্যন্ত রেলপথ লাকসাম জিআরপি থানার অধীনে। এই চারটি রেলপথের মোট দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার। এই রেলপথগুলোর আওতায় মোট ৩৪টি স্টেশন রয়েছে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে সম্প্রতি সারা দেশে রেলে নাশকতা চালানো হয়। এই রেলপথগুলোও নাশকতার শিকার হয়েছে। গত দুই মাসে লাকসাম জিআরপি থানার অধীন রেলপথ ও স্টেশনগুলোতে মোট ১২টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় রেললাইন উপড়ে ফেলা হলে আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথা দুর্ঘটনার কবলে পড়ে। লাকসাম থানা সূত্র জানা গেছে, থানার অধীনে রেলপথ ও স্টেশনগুলোর নিরাপত্তা রক্ষায় তিনটি পুলিশ ফাঁড়ি রয়েছে। ফাঁড়িগুলো কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর চৌমুহনীতে অবস্থিত। এই একটি থানা ও তিনটি ফাঁড়িতে মোট ৭৯টি পদ রয়েছে। বর্তমানে লাকসাম জিআরপি থানায় ২৫ জন পুলিশ সদস্য ও ১৬ জন আনসার সদস্য রয়েছেন। আর কুমিল্লা পুলিশ ফাঁড়িতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ১২ জন, চৌমুহনীতে ১২ এবং ফেনীতে ১১ জন কর্মরত আছেন। এর বাইরে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী এলাকায় রেলপথ রক্ষণাবেক্ষণ ও দেখভাল করার দায়িত্বে আছেন তিনজন উপসহকারী প্রকৌশলী। তাঁরা রেলকর্মী ও পুলিশের সহায়তায় হরতালের আগের দিন সন্ধ্যা ছয়টা থেকে হরতাল চলা পর্যন্ত দায়িত্ব পালন করেন। কুমিল্লায় দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হামিদুল হক বলেন, প্রতি পাঁচ কিলোমিটার রেলপথে দুজন করে রেলকর্মী পায়ে হেঁটে দায়িত্ব পালন করে থাকেন। তূর্ণা নিশীথা ট্রেন দুর্ঘটনায় পতিত হওয়ার আগেও তাঁদের কর্মীরা ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু পাঁচ কিলোমিটার দূর থেকে তাঁরা সেটা দেখতে পারেননি।জানতে চাইলে লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কান্তি দাশ বলেন, বিশাল এই এলাকার নিরাপত্তায় কাজ করতে হয়। আবার থানায় মামলাও নিতে হয়। এদিকে পুলিশের সদস্যসংখ্যা খুবই কম। এই স্বল্প জনবল দিয়েই তাঁরা নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, সামনে আরও কঠিন সময় আসছে। এ অবস্থায় রেলপথের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। পর্যাপ্ত লোকবল দিয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাহারার ব্যবস্থা করা না হলে আরও নাশকতার ঘটনা ঘটবে।