১৬০টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অনেকগুলো ওষুধ কোম্পানি এখন ১৬০টি দেশে ওষুধ রপ্তানি করে। বাংলাদেশ ওষুধ আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে ফার্মেসি বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক আবদুল জব্বারকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
তোফায়েল আহমেদ বলেন, আজ বাংলাদেশের ওষুধশিল্প উঠে দাঁড়িয়েছে, যেখানে একসময় ৮০ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হতো, সেখানে আজ আমদানি হয় মাত্র ৩ শতাংশ।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ফার্মেসি শিক্ষার পাশাপাশি এর অন্তর্নিহিত দর্শন নিয়েও ফার্মাসিস্টদের চিন্তা করতে হবে। ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সীতেশ চন্দ্র বাছাড়। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক