১৬০০ মেট্রিক টন লবণ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কদমতলী এলাকার একটি গুদাম থেকে গত সোমবার অবৈধভাবে আমদানি করা ১ হাজার ৬০০ মেট্রিক টন লবণ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত গুদামের দুই কর্মচারীকে এক বছর করে কারাদণ্ড দেন। সিলগালা করে দেওয়া হয় গুদামটি। সোমবার বিকেলে শীতলক্ষ্যা নদীর কদমতলী এলাকার ওই কারখানায় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শরীফুল ইসলাম।
শরীফুল ইসলাম বলেন, অভিযানের সময় লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহার পূবালী সল্টের গুদাম থেকে আমদানি নিষিদ্ধ আয়োডিনবিহীন ওই লবণ জব্দ করা হয়। এসব লবণ মজুত করার দায়ে কারখানার গুদাম সহকারী ফিরোজ মাহমুদ (২২) ও নিরাপত্তা প্রহরী আশরাফুল আলমকে (২৩) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক লবণ ব্যবসায়ী বলেন, সামুদা কেমিক্যাল ফ্যাক্টরি নিজেদের ব্যবহারের জন্য সম্পূর্ণ করমুক্তভাবে ‘ইন্ডাস্ট্রিয়াল সল্ট’ আমদানি করে। তারা তা নিজস্ব বন্ডেড গুদামে না রেখে পূবালী সল্টের কাছে বিক্রি করে দেয়। পূবালী সল্ট এই লবণ প্যাকেটজাত করে বাজারে বিক্রির জন্য গুদামজাত করেছিল।
এ ব্যাপারে সামুদা কেমিক্যালের ব্যবস্থাপক (প্রশাসন) এস এম জাবেদ উল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের লবণ আমদানির সব বৈধ কাগজপত্র রয়েছে। নিজস্ব গুদামে জায়গা সংকুলান না হওয়ায় আমরা পূবালী সল্টের গুদাম ভাড়া নিয়ে লবণ রেখেছিলাম।’ তবে শরীফুল ইসলাম বলেন, আমদানি করা ওই লবণের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।
এ বিষয়ে পূবালী সল্টের মালিক পরিতোষ কান্তি সাহা দাবি করেন, তাঁর ছোট ভাই গুদামটি সামুদা কেমিক্যালের কাছে ভাড়া দিয়েছিলেন। আর তাঁর (পরিতোষ) লবণ কারখানা তিন মাইল দূরে অবস্থিত, তাঁর কারখানায় এসব লবণ ব্যবহার করার প্রশ্নই ওঠে না।