১৬১ মামলার ৫৯টি বিচারাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা চালায় জেএমবি। গাজীপুরে হামলায় আহত এক শিশু l ফাইল ছবি
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা চালায় জেএমবি। গাজীপুরে হামলায় আহত এক শিশু l ফাইল ছবি

১৭ আগস্ট একযোগে সারা দেশে বোমা হামলা মামলার বিচার নয় বছরেও শেষ হলো না। এ ঘটনায় করা ১৬১টি মামলার মধ্যে ৫৯টি এখনো বিচারাধীন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, মামলার ধার্য দিনে সাক্ষীকে হাজির করতে পারছে না পুলিশ। এ কারণে মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। ফৌজদারি কার্যবিধির ১৭১(২) ধারা অনুসারে মামলার বাদী বা সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ১৭ আগস্ট বোমা হামলার মামলাগুলো আলাদা করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ যাতে সাক্ষীদের হাজির করে, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৫ সালের এই দিনে সারা দেশের ৬৩ জেলায় (মুন্সিগঞ্জ বাদে) একযোগে প্রায় ৫০০ বোমা ফাটিয়ে প্রচলিত শাসন ও বিচারপদ্ধতি বাতিল করে ‘আল্লাহর আইন কায়েমের’ দাবি জানিয়ে প্রচারপত্র ছড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওই হামলায় দুজন নিহত ও ১০৪ জন আহত হন। হামলার আগ পর্যন্ত জেএমবির বিষয়ে উদাসীন ছিল তৎকালীন চারদলীয় জোট সরকার। ১৭ আগস্টের পর শুরু হয় একের পর এক আত্মঘাতী জঙ্গি হামলা। এসব হামলায় বিচারক, আইনজীবী, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ৩৩ জন নিহত হন। আহত হন চার শতাধিক। ১৭ আগস্টের হামলার পর নড়েচড়ে বসে সরকার। এর পরই শুরু হয় জেএমবিবিরোধী অভিযান। এতে জেএমবির বেশির ভাগ কেন্দ্রীয় নেতা ধরা পড়েন। গ্রেপ্তার হন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহসহ প্রায় সাড়ে চার শ জঙ্গি নেতা-কর্মী।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে দুই বিচারককে হত্যা করে জঙ্গিরা। ২০০৬ সালের ৩০ মে এই মামলার রায়ে শায়খ আবদুর রহমান, বাংলা ভাই, আতাউর রহমান, আবদুল আউয়ালসহ ছয় জঙ্গির ফাঁসির আদেশ দেওয়া হয়। ২০০৭ সালের ৩০ মার্চ তাঁদের ফাঁসি কার্যকর করা হয়।
১৭ আগস্টের হামলা নিয়ে র্যাবের দেওয়া তথ্যানুযায়ী, ওই ঘটনায় দেশব্যাপী মোট ১৬১টি মামলা হয়। সবগুলো মামলা তদন্ত শেষ করে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে ১০২টি মামলার বিচারকাজ শেষ হয়েছে। বাকি ৫৯টি মামলা এখনো বিচারাধীন। ১০২টি মামলার রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১৮ জনের যাবজ্জীবন ও ৯৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিচারাধীন বেশির ভাগ মামলাই আটকে আছে সাক্ষীর অভাবে। চট্টগ্রামে ছয়টি মামলার মধ্যে দুটিতে পাঁচ বছর ধরে ধার্য দিনে কোনো সাক্ষীকে হাজিরই করতে পারেনি পুলিশ। এসব সাক্ষীকে হাজির করতে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবু পুলিশ কাউকে হাজির করতে পারেনি।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত পরোয়ানা জারি করার পর সাক্ষীকে হাজির করার দায়িত্ব পুলিশের। মামলা দ্রুত নিষ্পত্তি করতে অনেক সময় রাষ্ট্রপক্ষও সাক্ষীকে হাজির করার উদ্যোগ নিয়ে থাকে। তিনি জানান, জেএমবির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে চাঞ্চল্যকর মামলার মনিটরিং সভায় তুলে ধরা হবে। এর আগে আগামী ধার্য দিনে সাক্ষীদের হাজির করতে পুলিশকে বলা হবে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, সাক্ষীদের হাজির করতে আদালত পরোয়ানা জারি করলেও অনেক সাক্ষীকে ওই ঠিকানায় পাওয়া যাচ্ছে না। তবে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
পুলিশ ঢিলেমি করলেও বসে নেই জেএমবি। গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুর থেকে দুই আসামি ছিনতাই করে তারা তাদের ক্ষমতা দেখিয়েছে। এদিন কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গিনেতা হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান, সালাউদ্দিন সালেহীন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বোমারু মিজানকে প্রিজন ভ্যানে ময়মনসিংহের আদালতে একটি মামলায় হাজিরা দিতে নেওয়া হচ্ছিল। ত্রিশালে ট্রাক, মাইক্রোবাস, কার ও মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা প্রিজন ভ্যানের গতি রোধ করে এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়ে পুলিশের একজন সদস্যকে হত্যা ও অন্যদের আহত করে জঙ্গি হাফেজ মাহমুদ, সালেহীন ও বোমারু মিজানকে ছিনিয়ে নিয়ে যায়। পরে র্যাব ও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সাজাপ্রাপ্ত রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হন। পালিয়ে যাওয়া দুই জঙ্গি এখনো ধরা পড়েনি।
জঙ্গিদের তৎপরতার ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, জেএমবির নেতারা এখন বিচ্ছিন্ন। তাদের সাংগঠনিক শক্তি ভেঙে গেছে। তবে মাঝেমধ্যে দু-একজন জঙ্গি সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু তারা সংখ্যায় এতই নগণ্য যে এ নিয়ে ভাবার কিছু নেই।