১৬২ ছিটমহলে জরিপ ৬ থেকে ১৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ১৬২ ছিটমহলে যৌথ জরিপ ৬ জুলাই শুরু হবে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। এই সময়ে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কার্যক্রম চলবে। লালমনিরহাটে গতকাল বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হলরুমে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে ভারতের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পি উলাগানাথন।
সম্মেলন শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে পি উলাগানাথন বলেন, ৫ জুলাই দুই দেশের জনগণনাকারীরা সংশ্লিষ্ট ছিটমহলগুলোতে পৌঁছে যাবেন। ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রত্যেক বাড়িতে গিয়ে তাঁরা জনগণনা কার্যক্রম পরিচালনা করবেন। ভারতের ভেতরে থাকা ৫১ ছিটমহলে ২৫টি দল এবং বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ছিটমহলে ৫০টি দল জরিপ কার্যক্রমকাজ চালাবে। প্রতিটি দলে থাকবেন পাঁচজন করে। ১৭ জুলাই দলগুলো নিজ নিজ দেশে ফিরবে।
বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান এ বি এম আজাদ জানান, দুই দেশের যৌথ জরিপ কার্যক্রম শেষে ঢাকায় উভয় দেশের উচ্চপর্যায়ের বৈঠকে ছিটমহল বিনিময়-সংক্রান্ত আলোচনা হবে। ওই বৈঠকে কারা ভারতে যেতে ইচ্ছুক, আর কারা বাংলাদেশে আসতে ইচ্ছুক, তা নিয়েও আলোচনা হবে। এ ছাড়া ৭ জুলাই বুড়িমারী স্থলবন্দরে আবার ভূমি জরিপের করণীয় নির্ধারণে উভয় দেশের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।
১ আগস্ট ছিটমহলজুড়ে বিজয় উৎসব: কলকাতা প্রতিনিধি জানান, ৩১ জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময়ের ঘটনা স্মরণে রাখতে ভারতে অন্তর্ভুক্ত হওয়া ৫১টি ছিটমহলে ১ আগস্ট পালিত হবে বিজয় উৎসব। নতুন একটি দেশের নাগরিক হওয়ার আনন্দে এদিন আনন্দ উৎসব করবে ছিটমহলের ১৫ হাজার বাসিন্দা।
গতকাল সন্ধ্যায় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে জানান, ১ আগস্ট ৫১টি ছিটমহলেই বিজয় উৎসব হবে। অবশ্য, এখনো কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। ৬ জুলাই থেকে শুরু হওয়া জরিপ শেষ হওয়ার পর কর্মসূচি চূড়ান্ত করা হবে।