১৬২ বছর পূর্ণ হলো সাঁওতাল বিদ্রোহের
১৮৫৫ সালের ৩০ জুন। ভারতের দামিন-ই-কোহ্ এলাকা। সেখানে ১০ হাজার সাঁওতাল কৃষকের বিরাট জমায়েত। তাঁদের দাবি, ‘জমি চাই, মুক্তি চাই’। যা থেকে শুরু হয় বিদ্রোহ। এ বিদ্রোহ হয়ে উঠেছিল সব সম্প্রদায়ের গরিব জনসাধারণের মুক্তিযুদ্ধ।
আজ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬২তম বছর পূর্ণ হলো। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তাদের এ দেশীয় দালাল সামন্ত-জমিদার, সুদখোর ও তাদের লাঠিয়াল বাহিনী, দারোগা-পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতাল নেতা সিধু, কানু, চাঁদ ও ভৈরব—এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ান সাঁওতালেরা।
ভারতের ভাগলপুর, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার প্রায় দেড় হাজার বর্গমাইল এলাকা দামিন-ই-কোহ্ বা ‘পাহাড়ের ওড়না’ এলাকা হিসেবে চিহ্নিত। ১৮৫৫ সালের ৩০ জুন ভগনা ডিহি গ্রামে ৪০০ গ্রামের প্রতিনিধি ও ১০ হাজার সাঁওতাল কৃষকের বিরাট জমায়েত হয়। এই জমায়েতে সিধু-কানু ভাষণ দেন। এই সভায় সিদ্ধান্ত হয়, অত্যাচারী শোষকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে এক হয়ে লড়তে হবে। এখন থেকে কেউ জমির খাজনা দেবে না এবং প্রত্যেকের যত খুশি জমি চাষ করার স্বাধীনতা থাকবে। আর সাঁওতালদের সমস্ত ঋণ এখন বাতিল হবে।
১০ হাজার সাঁওতাল কৃষক সেদিন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার শপথ নিয়েছিলেন। ভগনা ডিহি গ্রামের ওই সভার শপথ ছিল বিদ্রোহের শপথ। বিদ্রোহের মূল দাবি ছিল, ‘জমি চাই, মুক্তি চাই’। তাঁদের এ বিদ্রোহের সঙ্গে যোগ দেন এলাকার শোষিত, বঞ্চিত বাঙালি ও বিহারি হিন্দু-মুসলমান গরিব কৃষক ও কারিগরেরা। সাঁওতাল বিদ্রোহ হয়ে উঠেছিল সব সম্প্রদায়ের গরিব জনসাধারণের মুক্তিযুদ্ধ।
বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলের সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ও দেশের বিভিন্ন প্রগতিশীল সংগঠন সাঁওতাল বিদ্রোহ দিবস উদ্যাপন করে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল আদিবাসী একাডেমি ও সদর উপজেলার টংপাড়ার গ্রামবাসী, রাজশাহীর মুন্ডুমালায় সাঁওতাল পারগানা পরিষদ, রাজশাহীর জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁর আঘোর বালাতৈর এলাকায় সাঁওতাল বিদ্রোহ দিবস উদ্যাপন পরিষদ, ধামইরহাটে জাতীয় আদিবাসী পরিষদ, সাপাহারে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এ দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।