১৬২টি বিদ্যালয় ছুটি দিয়ে 'নির্বাচনী ভোজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সব (১৬২) প্রাথমিক বিদ্যালয়ে ছুটি দিয়ে শিক্ষকেরা স্থানীয় একটি পার্কে বনভোজনের আয়োজন করেন। এতে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ প্রার্থীদের পক্ষে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।
স্থানীয় লোকজন জানান, গতকাল গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪১ জন শিক্ষক ওই অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষকেরা সকাল সাড়ে ১০টা থেকে পার্কে উপস্থিত হতে থাকেন। বেলা তিনটার দিকে অনুষ্ঠান শেষ হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হোসনেয়ারা।
এ উপলক্ষে সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানে খাওয়াদাওয়া শুরুর আগে বক্তৃতা করেন সাংসদ ওমর ফারুক চৌধুরী, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ।
ওমর ফারুক চৌধুরী তাঁর বক্তব্যে সরকারের উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, এই সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছে। গত পাঁচ বছরে তিনি তাঁর এলাকায় কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বদলি করেননি। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি আস্থা রাখলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। এই সরকার শিক্ষাবান্ধব সরকার। সব শেষে তিনি শিক্ষকদের কাছে উপজেলা নির্বাচনে তিনটি পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থীকে বিজয়ী করার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিক্ষক সমিতির পক্ষ থেকে এ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকেরা ২০০ টাকা করে চাঁদা দিয়েছেন। কিন্তু এর উদ্দেশ্যে ছিল আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর জন্য শিক্ষকদের মধ্যে প্রচারণা চালানো। এটা আসলে ‘নির্বাচনী ভোজ’ হয়ে গেল। বিদ্যালয় ছুটি দিয়ে বনভোজন করার ব্যাপারে গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তিন দিন করে সংরক্ষিত ছুটি থাকে। সেখান থেকে এক দিনের ছুটি ব্যবহার করা হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।’
সাংসদ ওমর ফারুক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম তরফদার বলেন, ‘আগে থেকে বনভোজনের তারিখ ঠিক করা ছিল। স্থানীয় সাংসদ হিসেবে তাঁকে দাওয়াত করা হয়েছিল। তিনি সেখানে গিয়েছিলেন। এর পরে প্রার্থীরা গেছেন। ভোট নয়, তিনি সেখানে তাঁদের জন্য দোয়া চেয়েছেন।’