১৬২৬৩-তে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৬২৬৩’ নম্বরে ডায়াল করলেই ২৪ ঘণ্টা বিনা মূল্যে স্বাস্থ্যসেবার পরামর্শ পাওয়া যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘সরকারি হেলথ কল সেন্টার: স্বাস্থ্য বাতায়ন’।

আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থার ফলে ল্যান্ড বা মুঠোফোনের মাধ্যমে এই নম্বরে ফোন করে দিনরাত ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। কল রেট মোটামুটি স্বাভাবিক কল রেটের মতো। স্বাস্থ্য বাতায়ন দেশের যেকোনো স্থানের রোগীদের প্রয়োজনে নিকটবর্তী সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা পেতেও সহায়তা করবে।

অনুষ্ঠানে বলা হয়, ১৬২৬৩-এ কল করা ছাড়াও ওয়েবসাইট (16263.dghs.gov.bd), ফেসবুক (Facebook.com/shasthobatayon), ইমেইল ([email protected]) ও এসএমএস (৮৮-০১৫১১৩১৬২৬৩)-এর মাধ্যমেও স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। যুক্তরাজ্যের ইউকেএইড-এর আর্থিক সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এমআইএস) এই সেবা চালু করেছে। অনুষ্ঠানে স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি।