১৬৫ বাংলাদেশি ইয়েমেন থেকে দেশে ফিরেছেন
গত মঙ্গলবার ইয়েমেন থেকে মোট ১৬৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। হোদাইদা এবং সানা থেকে এসব বাংলাদেশি মঙ্গলবার রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। খবর বাসসের।
ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে তাঁরা ১৫ ও ১৯ এপ্রিল ইয়েমেন থেকে হোদাইদা ও সানায় পৌঁছান। ইয়েমেনে যুদ্ধের কারণে এসব প্রবাসী বাংলাদেশি কর্মস্থল ছেড়ে দেশে ফিরে আসেন।
পাঁচ নারী ও পাঁচ শিশুসহ মোট ১৩৬ জন বাংলাদেশি হোদাইদা থেকে মঙ্গলবার রাত আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় বিমানবন্দরে এসে পৌঁছান। ১৬ এপ্রিল এসব বাংলাদেশি ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে করে হোদাইদায় পৌঁছান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান। এ সময় অতিরিক্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।
২৯ জন বাংলাদেশির অপর দলটি মঙ্গলবারই জেট এয়ারওয়েজের ফ্লাইটে করে ভারতের মুম্বাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দেশে ফেরত আসা এই ২৯ জনকে ইয়েমেন থেকে উদ্ধার করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। গতকাল বুধবার আইওএমের দেওয়া বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক এ সংস্থার বিশেষ উড়োজাহাজে এসব বাংলাদেশিকে ইয়েমেনের রাজধানী সানা থেকে উদ্ধারের পর সুদানের খার্তুম এবং আদ্দিস আবাবায় নিয়ে যাওয়া হয়।