১৬৬ কোটি টাকার কাজ থমকে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিনাজপুরে প্রায় ১৬৬ কোটি টাকার সরকারি উন্নয়নকাজ থমকে গেছে। নির্মাণ ঠিকাদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
এ সমস্যা সমাধানের জন্য ঠিকাদারেরা জরুরি ভিত্তিতে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দিনাজপুরের ইটভাটাগুলোতে পূর্বনির্ধারিত মূল্যে কয়লা সরবরাহ করার দাবি জানিয়েছেন।
দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শতকরা ৭০ ভাগ কাজ হয় নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। জেলার চারটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন, মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন, জেলা পাসপোর্ট কার্যালয়, সরকারি শিশু পরিবার, জেলা কারাগার পুনর্নির্মাণ প্রকল্পসহ প্রায় ৫০ কোটি টাকার কাজ চলছে। কিন্তু দরপত্রে উল্লিখিত দরের চেয়ে ইটের দাম অনেক বেশি এবং টাকা দিয়েও ইট না পাওয়ায় সকল পর্যায়ে নির্মাণকাজ একরকম থেমে গেছে।
দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, ২০১৪-১৫ অর্থবছরে দিনাজপুরে ১৪৬টি প্রকল্পে ৪৮ কোটি টাকার কাজ চলছে।
দরপত্রে প্রতি হাজার ইটের দাম ধরা আছে ছয় হাজার টাকা। রড-পাথরের কাজ শেষে ঠিকাদারেরা অপেক্ষা করে থাকেন ইটভাটাগুলো পুরোদমে চালু হলে ইটের দাম কমবে। ওই সময় ইটের কাজ করবেন। কিন্তু এ বছর ইটের দাম বেড়ে যাওয়ায় নির্মাণকাজ বন্ধ হওয়ার পথে।
দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, গত ৩০ ডিসেম্বর তাঁদের অধীনে ১০টি গুচ্ছের উন্নয়নকাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু দরপত্র কিনতে ঠিকাদারদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। দুটি গুচ্ছের কাজে কোনো দরপত্রই জমা পড়েনি। বাকি আটটি গুচ্ছে দুই থেকে চারটি করে দরপত্র জমা পড়েছে। ঠিকাদারেরা দরপত্রে প্রতি হাজার ইটের দাম আট হাজার ৫০০ টাকা উল্লেখ করেছেন। ফলে বাছাই কমিটি একটিও গ্রহণ করতে পারেনি।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ২৯ কোটি টাকায় ২৩টি কলেজ ভবন, ১২ কোটি টাকায় ১৭টি মাদ্রাসা এবং ১৪ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনের নির্মাণকাজ চলছে। একই অর্থ বছরের ২৫ কোটি টাকায় ৪৬টি নতুন স্কুল ভবন নির্মাণ কাজের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এখনো নয় কোটি টাকার কাজ বাকি আছে। ২০১১ সালের দরে প্রতি হাজার ইটের মূল্য ধরা আছে চার হাজার ৮০০ টাকা। ইটের কাজ ছাড়া সব কাজ হয়েছে। কিন্তু ইটের দাম অত্যধিক বেড়ে যাওয়া এবং মানসম্মত ইট না পাওয়ার কারণে ঠিকাদারেরা কাজ বন্ধ করে বসে আছেন।
দিনাজপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন জানান, চলতি অর্থবছরে উন্নয়নকাজের জন্য তিন কোটি টাকা থোক বরাদ্দ এসেছে। কিন্তু ইটের যে দাম, তাতে কাজ বাধাগ্রস্ত হতে পারে।
দিনাজপুর শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ঠিকাদার আনোয়ারুল ইসলাম জানান, দিনাজপুর জেলা কারাগার নির্মাণ প্রকল্প, জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন—এই দুটি কাজ করতেই কমপক্ষে পাঁচ লাখ ইট দরকার। দরপত্রে প্রতি হাজার ইটের মূল্য ধরা আছে সাত হাজার টাকা। কয়লার দাম বেড়ে যাওয়া এবং বেশির ভাগ ইটভাটা চালু না হওয়ায় বাজারে ইটের সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রথম শ্রেণির প্রতি হাজার ইট বিক্রি হচ্ছে নয় হাজার টাকায়। এ অবস্থায় নির্মাণকাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।