১৬৬ চা-বাগানে বিদ্যালয় স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৬৬ চা-বাগানে একটি করে প্রাথমিক বিদ্যালয় ও তিনটি চা-বাগানের সমন্বয়ে একটি করে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন চা-জনগোষ্ঠীর শিক্ষাসচেতন মানুষ। ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’ নামের একটি সংগঠন গতকাল বুধবার সকালে সমাবেশ করে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানান।
বিদ্যালয় স্থাপনসহ চা-জনগোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে উন্নয়নে আরও তিন দফা দাবিসংবলিত স্মারকলিপিতে চা-জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্র বিকাশে বিশেষ কোটা পদ্ধতি চালু করতে সরকারি বিশেষ উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়। সংগঠনের সংগঠক অধীর বাউরী জানান, জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে এসব দাবি সংশ্লিষ্ট দপ্তরের নজরে দেবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন।
স্মারকলিপি পেশ করার আগে অধীর বাউরীর সভাপতিত্বে সমাবেশে সিলেটের সাতটি চা-বাগানের পক্ষ থেকে চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতাদের সংহতি জানিয়ে একাত্ম হন। সংগঠক রানা বাউরীর সঞ্চালনায় সমাবেশে মালনীছড়া চা-বাগানের সংগঠক সাহেদা আক্তার, লাক্কাতুরা চা-বাগানের জয় চাষা, তারাপুর চা-বাগানের সঞ্জীব রায়, বুরজান চা-বাগানের তাপস নায়েক, মৃত্তিঙ্গা চা-বাগানের রতন পাল, খাদিম চা-বাগানের মিঠুন বিশ্বাস ও হিলুয়াছড়া চা-বাগানের রঞ্জু গঞ্জু বক্তব্য দেন।