১৬৭ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের সাভার থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও থানা ঘেরাওয়ের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৬৭ জনকে আসামি করা হয়েছে।বাংলাদেশ হকার্স লীগ ও আওয়ামী হকার্স লীগের নেতা-কর্মীদের বিরোধের জের ধরে বাংলাদেশ হকার্স লীগ নেতা ও সাভার পৌর হকার্স সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আতাউর রহমান লোকজন নিয়ে গিয়ে গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক কাদের মোল্লার ফুটপাতের ওপর তোলা একটি দোকান ভেঙে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কাদের মোল্লার লোকজন আতাউর রহমানকে মারপিট করেন। এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে কাদের মোল্লার বিরুদ্ধে শুক্রবার সাভার থানায় একটি মামলা করেন। মামলার পরপরই পুলিশ কাদের মোল্লাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা নেতা-কর্মীদের নিয়ে কাদের মোল্লাকে ছাড়িয়ে আনতে শুক্রবার বিকেলে থানায় যান। ব্যর্থ হয়ে তাঁরা থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একপর্যায়ে থানা ঘেরাওয়ের চেষ্টা করেন।ওই ঘটনায় উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বাদী হয়ে শুক্রবার গভীর রাতে সাভার থানায় মামলা করেন।