১৬৮ জনের বিরুদ্ধে মামলা, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গভীর নলকূপের পানির বিল দেওয়া নিয়ে কলেজছাত্র খুনের ঘটনায় পুলিশ তিন সহোদরসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ভোরে পুলিশ ওই ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব বাঁকড়া গ্রামের ইন্তাজ সরদারের ছেলে বেল্লাল হোসেন, নিজামুদ্দিন সরদার এবং খায়রুল ইসলাম সরদার ও একই গ্রামের খোরশেদ সরদারের ছেলে আবদুর রাজ্জাক সরদার।
নিহত হাবিবুল্লাহ সরদার (২৪) সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি উপজেলার পশ্চিম বাঁকড়া গ্রামের আলীমুদ্দিন সরদারের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আবদুল মোমিন সরদারের ছোট ভাই।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, শুক্রবার রাতে ওই ছাত্রের বাবা আলীমুদ্দিন সরদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বাঁকড়া গ্রামে গভীর নলকূপের বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত শুক্রবার সালিস শেষে উভয়পক্ষ বাড়ি ফিরছিল। তখন দুই পক্ষের মধ্যে হাবিবুল্লাহ নিহত ও তিনজন আহত হন।