১৬৮ মামলার পুনঃশুনানি হচ্ছে না, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া ১৬৮টি মামলার পুনঃশুনানি হচ্ছে না। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জানিয়েছেন, এক মাসের মধ্যে এসব মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।
গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী ওই ১৬৮ মামলার বিষয়ে জানতে চান। তখন প্রধান বিচারপতি বলেন, এসব মামলার পুনঃশুনানি হবে না।
আইনজীবীদের আশ্বস্ত করে প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, এক মাসের মধ্যে সব রায় দিয়ে দেব। তবে দু-চারটি মামলা প্রয়োজনে পুনঃশুনানি হতে পারে। কেউ কেউ মারাও গেছেন। চার-পাঁচ বছর আগের মামলাও আছে।’
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের সূত্র জানায়, ১৬৮ মামলার মধ্যে সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছে সাতটি ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর কাছে ১৬১টি মামলা রায় লেখার জন্য ছিল। এগুলো পুনঃশুনানির জন্য আপিল বিভাগের ২ মের কার্যতালিকায় উঠেছিল। তবে গতকালের কার্যতালিকায় এগুলো ছিল না।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ১৬৮ মামলার মধ্যে অনেকগুলো ছিল লিভ পিটিশন (আপিল অনুমতির আবেদন), অনেকগুলো ছিল আপিল। আদালতে এগুলোর রায় ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ রায় লেখা হয়নি। এ জন্য বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ হচ্ছে। তাই প্রধান বিচারপতি এগুলো তালিকায় এনেছিলেন। তিনি আরও বলেন, এই ১৬৮ মামলায় এর আগে আদালত যে মৌখিক আদেশ বা রায় দিয়েছিলেন, সেটাই বহাল থাকবে। তবে দু-একটি মামলায় পুনঃশুনানির দরকার হতে পারে। সেটা হয়তো বেঞ্চের কোনো বিচারক মারা গেছেন বা কেউ অবসরে চলে গেছেন, এ জন্য করা লাগবে।
সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে মাহবুবে আলম বলেন, সাধারণ বিচারপ্রার্থী মানুষের স্বার্থের কথা চিন্তা করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। কাউকে হেয় করা বা অবমূল্যায়ন করার জন্য এটা করা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব মামলার আদেশ বা রায় লেখার জন্য আগে যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা পরিবর্তন হবে। আর কোনো পরিবর্তন আসবে না।
আপিল বিভাগের এই সিদ্ধান্তের ফলে অবসরের পর রায় লেখা বন্ধ হবে কি না—এই প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এর সঙ্গে এই ১৬৮ মামলার কোনো সম্পর্ক নেই। তবে হয়তো এরপর থেকে যে বিচারপতিরা অবসরে যাবেন, তাঁদের হয়তো আর রায় লেখার দায়িত্ব দিয়ে ভারাক্রান্ত করা হবে না।