১৭ আগস্ট থেকে ভারতীয় ভিসার অনলাইন আবেদন বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভিসাপ্রার্থীদের অনলাইনে আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১৭ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) অনলাইনে পাওয়া আবেদনপত্র বিবেচনা করবে। গত রোববার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।ভারতে যেতে আগ্রহীরা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (www.ivacbd.com) ও ভারতীয় হাইকমিশনের (www.hcidhaka.org) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ করে পাঠানোর পর তার একটি মুদ্রিত নমুনা (প্রিন্ট আউট), পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দিনে সকাল আটটা থেকে দুপুর ১২টার মধ্যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের আবেদনকারীদের আইভিএসির ঢাকার গুলশান বা মতিঝিল শাখায় আবেদন জমা দিতে হবে। সিলেট বিভাগের আবেদনকারীদের আইভিএসি সিলেট শাখা এবং চট্টগ্রাম বিভাগের আবেদনকারীদের আইভিআইসি চট্টগ্রাম শাখায় আবেদন জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময় আবেদন জমা দেওয়ার যে তারিখ নির্ধারণ করা হবে, সে তারিখেই কাগজপত্র নিয়ে যেতে হবে। পরে জমা নেওয়া হবে না। জরুরি চিকিৎসার জন্য ভিসা প্রয়োজন হলে ভিসাপ্রার্থী বা তাঁদের প্রতিনিধিরা আইভিএসি গুলশান ও আইভিএসি চট্টগ্রাম শাখার মেডিকেল হেলপ ডেস্কের সহায়তা চাইতে পারেন। সম্পর্কের যথাযথ প্রমাণ (যেমন পাসপোর্টে উল্লেখ) জমা দেওয়ার পর পরিবারের একজন সদস্য একই দিনে সর্বোচ্চ পাঁচজনের জন্য আবেদন জমা দিতে পারবেন। পরিবার বলতে স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মা হতে হবে। সাংসদ, বিচার বিভাগের সদস্য, খ্যাতনামা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক ও সত্তরের বেশি বয়সের আবেদনকারীরা যথাযথ প্রমাণসহ প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। ইতিমধ্যে যাঁরা ই-টোকেনের মাধ্যমে আবেদন করেছেন, তাঁরা ১৬ আগস্ট পর্যন্ত নির্ধারিত সময়ে আইভিএসিতে আবেদন জমা দিতে পারবেন।