১৭ আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে নানা কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল বুধবার নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। একই দিন পঞ্চগড়েও কালো পতাকা মিছিল ও সমাবেশ হয়েছে।

 নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে গতকাল বেলা ১১টার দিকে ওই মানববন্ধন ও সমাবেশ করে পৌর আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সহসভাপতি লিমন তালুকদার প্রমুখ। এর আগে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নেতা-কর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নীলফামারী জেলা শাখার উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন পার্টির সৈয়দপুর উপজেলার সম্পাদক রুহুল আলম, জেলা যুব মৈত্রীর সভাপতি ভবেশ চন্দ্র রায়, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি রণজিত রায় প্রমুখ।

এদিকে গতকাল দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রলীগ কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। এম আর সরকারি কলেজ থেকে মিছিলটি বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহসভাপতি আরিফুজ্জামান, যুগ্ম সম্পাদক রাজিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা দেশব্যাপী এই সিরিজ বোমা হামলায় জড়িতসহ সব জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।