চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১১টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৪ জন ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউপিতে বিদ্রোহী প্রার্থীর সঙ্গেই আওয়ামী লীগের প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভাবা হচ্ছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ জুন ষষ্ঠ ধাপে সাতকানিয়ার ১৭ ইউপিতে ভোট হবে। এর মধ্যে সোনাকানিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী নুর আহমদ বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন। বাকি ১৬ ইউপিতে ৬৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতকানিয়া সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নেজাম উদ্দিন।
চরতী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ কুমার চৌধুরী। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মমতাজ উদ্দিন আহমদ।
খাগরিয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. জসীম উদ্দিন। নলুয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান তসলিমা আকতার। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহমহিলা-বিষয়ক সম্পাদক। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা শাহজাহান মোহাম্মদ আবু ইউনুচ।
কাঞ্চনা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান রমজান আলী। এখানে নির্বাচনী মাঠে রয়েছেন যুবলীগ নেতা মিজানুর রহমান।
আমিলাইষ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. সারওয়ার উদ্দিন চৌধুরী। এ ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম হানিফ ও মোহাম্মদ হারুন।
মাদার্শা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ভাতিজা আ ন ম সেলিম। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রিদোয়ানুল হক।
কেঁওচিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ওচমান আলী। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তিনজন। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মনির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু ছালেহ ও আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমান।
বাজালিয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তাপস দত্ত। বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন সিকদার।
পুরানগড় ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আ ফ ম মাবুবুল হক সিকদার। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেদুল করিম চৌধুরী।
ধর্মপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আকতার আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, বিদ্রোহী প্রার্থীদের সরে যেতে বলা হলেও তাঁরা মাঠ ছাড়ছেন না। তাঁদের বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাম্মেল হক বলেন, তৃণমূলের মতামতের মূল্যায়ন না হওয়ায় উপজেলার ১১ ইউপিতে বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন। এর ফলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা সমস্যায় আছেন।