ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বন্দর পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার সড়কের ২৫টি উড়ালসেতুর ১৭টির গোড়ায় ধস দেখা দিয়েছে। প্রতি পাঁচ বছর পর পর উড়ালসেতুগুলো সংস্কার করার কথা থাকলেও সাত বছরে একবারও সংস্কার হয়নি বলে স্বীকার করেছে সড়কটির কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ।আংশিক ধসে যাওয়ার কথা স্বীকার করে সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, ‘সড়কটি নির্মাণের পর থেকে বড় ধরনের সংস্কারকাজ করা হয়নি। ইতিমধ্যে সংস্কার করার জন্য বাজেট পাঠানো হয়েছে। বর্ষার শেষে কাজ শুরু করা হবে। সড়কে গাড়ি চলাচলে যাতে অসুবিধা না হয় সে জন্য তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত সেতুতে অগ্রাধিকার ভিত্তিতে সাময়িক সংস্কার করা হবে।সওজ চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বন্দর পর্যন্ত টোল সড়কটির দৈর্ঘ্য সাড়ে ১২ কিলোমিটার। এর মধ্যে ২৫টি উড়ালসেতু রয়েছে। সরেজমিন দেখা যায়, বন্দর টোল আদায় অফিস থেকে শুরু করে ফৌজদারহাট সংযোগ পর্যন্ত ১৭টি উড়ালসেতুর গোড়ায় আংশিক ধসে গেছে। ধসে যাওয়া উল্লেখযোগ্য উড়ালসেতু হলো পোর্ট কলোনি, মহব্বতআলী স্কুল, কালুশাহনগর, হাইওয়ান সেতু, আব্বাসপাড়া, বারুনীঘাটা, হালিশহর জেলেপাড়া, মনিকা রোড, বহদ্দারবাড়ী, কাট্টলী, লতিফপুর, উত্তর ছলিমপুর, লতিফপুর জেলেপাড়া, ফকিরহাট, চৌধুরীপাড়া। এর মধ্যে কাট্টলী উড়ালসেতুর অন্তত তিন ফুট ধসে গেছে। পাঁচটি উড়ালসেতুর গোড়ায় বড় বড় ব্লক স্থানচ্যুত হয়েছে। কোথাও কোথাও ঢালাই উঠে লোহার রড দেখা যাচ্ছে। ফলে যেকোনো মুহূর্তে ভারী পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার স্বীকার হতে পারে।কালুশাহ মাজারের দান গ্রহণকারী মো. আলী বলেন, দুই বছর আগে থেকে কালুশাহ উড়ালসেতুটির এক পাশ ধসে পড়া শুরু করে। কেউ এটির সংস্কার করছে না। গাড়িচালক জমির উদ্দীন বলেন, বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়ি এ সড়কে তেমন চলাচল করে না। সেতুগুলোর গোড়া ধসের কারণে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া রাতে ধসে পড়া অংশগুলো চোখে তেমন দেখা যায় না।