১৭ কিলোমিটারের পর শোনা যায় না রংপুর বেতারের এফএম ব্যান্ডের অনুষ্ঠান। অ্যান্টেনার উচ্চতা কম থাকায় এমন সমস্যা হচ্ছে বলে বেতার কর্তৃপক্ষ জানিয়েছে। এই অবস্থায় অ্যান্টেনার উচ্চতা বাড়ানোর দাবি জানিয়েছেন এই অঞ্চলের শ্রোতারা।
অন্যান্য নানা সমস্যার মধ্যে বর্তমানে কম উচ্চতার অ্যান্টেনাকেই সবচেয়ে বড় সমস্যা মনে করছেন কর্তৃপক্ষ ও শিল্পীরা। তাঁরা বলেন, রংপুর বেতারের স্টুডিওতে কক্ষের স্বল্পতা রয়েছে। শিল্পীদের জন্য নেই আলাদা মহড়াকক্ষও। সম্মানী ভাতা কম হওয়ায় দিন দিন কমে যাচ্ছে শিল্পীদের উপস্থিতি।
বেতার কর্তৃপক্ষ সূত্র জানায়, মাত্র ১৭০ ফুট উচ্চতা নিয়ে একটি অ্যান্টেনা রয়েছে। এটির মাধ্যমে নগরের ধাপ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় অবস্থিত বেতারকেন্দ্র থেকে চারদিকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অনুষ্ঠান শোনা যায়। কেন্দ্রের দক্ষিণে শোনা যায় আরও কম। কারণ, ওই দিকে বহুতল ভবন গড়ে ওঠায় সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছে।
১৯৬৭ সালের ১৬ নভেম্বর নগরের সিও বাজারের পাশে রংপুর বেতারের সম্প্রচার কার্যক্রম শুরু হয়। এরপর সেখান থেকে ১৯৮৪ সালে শহরের ধাপ ইঞ্জিনিয়ারপাড়ায় নতুন বেতারকেন্দ্র স্থাপন করা হয়। এখানে ৭৪টি পদের বিপরীতে আছেন ৩৬ জন। বর্তমানে ১০ কিলোওয়াট শক্তিসম্পন্ন একটি ট্রান্সমিটার এবং ১৭০ ফুট উচ্চতাসম্পন্ন অ্যান্টেনা দিয়ে এফএম ও এএম ব্যান্ডের সম্প্রচার কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত দুটি অধিবেশনে চলছে অনুষ্ঠান কার্যক্রম।
মাত্র ১০ কিলোওয়াটের ট্রান্সমিটার হওয়ায় রেডিওতে রংপুর বেতারের এএম ব্যান্ডের অনুষ্ঠান বৃহত্তর রংপুরের পাঁচ জেলার আংশিক এলাকা থেকে শোনা গেলেও খুব একটা পরিষ্কার শোনা যায় না বলে শ্রোতাদের অভিযোগ। এই অবস্থায় এফএম ব্যান্ডের জন্য অ্যান্টেনার উচ্চতা ৫০০ ফুট করার আবেদন জানিয়ে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক আবদুল হক।
বেতার সূত্রে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা—এই পাঁচ জেলা থেকে বেতারের আওতাধীন সংগীত, নাটক, কথিকা, কবিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে তালিকাভুক্ত শিল্পীর সংখ্যা প্রায় দুই হাজার। এর মধ্যে রংপুরের প্রায় ২০০ শিল্পী ছাড়া অন্য জেলাগুলোর অধিকাংশ শিল্পী অনুষ্ঠান করা প্রায় ছেড়ে দিয়েছেন। এর কারণ, শিল্পীদের সম্মানী ভাতা খুবই কম। একটি গানের জন্য এ গ্রেডে সম্মানী ভাতা দেওয়া হয় ১ হাজার ১০০ টাকা, বি গ্রেডে ৫০০ ও সি গ্রেডে ৪০০ টাকা। নাটকের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা।
গাইবান্ধার সংগীতশিল্পী চুনি ইসলাম বলেন, ‘অনেকটা শখের বশে যাই গান করতে। সম্মানী ভাতা যা দেওয়া হয়, তা যাতায়াত ও খাওয়াদাওয়ার পেছনেই চলে যায়।’
শিল্পীদের অভিযোগ, সংগীত ও নাটকের জন্য আলাদা মহড়াকক্ষ নেই। স্টুডিওর ভেতরে কক্ষের বাইরে বারান্দায় চলে মহড়া। এর ফলে ভোগান্তির শেষ থাকে না তাঁদের।
বেতার সূত্র জানায়, স্টুডিওতে অনুষ্ঠান সম্প্রচার ও রেকর্ডিংয়ের জন্য মাত্র চারটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি খবরের জন্য, একটি অনুষ্ঠান ঘোষণা ও সরাসরি অনুষ্ঠান সম্প্রচার, একটি সংগীত এবং বাকিটা নাটক, কথিকা ও আলোচনার জন্য। সংকট কাটাতে আরও অন্তত চারটি কক্ষ দরকার।
রংপুর বেতারের নাট্যকার নাট্যশিল্পী সংস্থার সভাপতি কাজী মো. জুননুন বলেন, ‘নানামুখী সমস্যার কারণে শিল্পীদের কষ্ট পেতে হয়। মহড়াকক্ষসহ নানা সমস্যা দূর করতে আমরা কর্তৃপক্ষকে একাধিকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
এসব বিষয়ে আঞ্চলিক পরিচালক বলেন, শিল্পীদের সম্মানী বাড়ানোর বিষয়টি সরকারের নজরে রয়েছে। অনুষ্ঠানের মান বাড়ানোসহ মহড়াকক্ষ করার চেষ্টা চলছে।
রংপুর বেতারে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, শিল্পীদের সম্মানী ও অনুষ্ঠান খরচ বাবদ বছরে দেড় কোটি টাকা ব্যয় হয় বলে জানা গেছে।