কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে গাজীরহাট পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে সড়কের দুই পাশে মাটি সরে গেছে। অপ্রশস্ত ওই সড়কের ওপর ছয়টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। এগুলোর স্টিলের পাতও নড়বড়ে। এ অবস্থার মধ্য দিয়ে হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ওই পথ পাড়ি দিচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘অর্থের অভাবে ওই সড়কের নির্মাণকাজ শুরু হচ্ছে না। আমরা কিছু ইট-সুরকি দিয়ে গর্তগুলো ভরাটের কাজ করছি।’সরেজমিনে দেখা গেছে, পীরকাশিমপুর, কড়ইবাড়ী, মেটংঘর, কোড়েরপাড়, মোখলেছপুর, দৌলতপুর এলাকায় অবস্থিত ছয়টি বেইলি সেতুর অবস্থা নড়বড়ে। এর মধ্যে মোখলেছপুর সেতুর সামনে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েই দায় সেরেছে। সেখানে বলা আছে, ‘সাত টনের অধিক মালামাল নিয়ে যাতায়াত নিষেধ’। ওই সেতুর উত্তর অংশে স্টিলের পাত সরে গেছে। মাঝখানে দেবে গেছে। একসঙ্গে দুটি যানবাহন ওই সেতু দিয়ে আসা-যাওয়া করতে পারছে না। এ অবস্থায় সেতুর উভয় পাড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে পীরকাশিমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়সংলগ্ন বাজারে সড়কের পিচ ওঠে গর্তের সৃষ্টি হয়েছে। কড়ইবাড়ী সড়কে খাদের মতো গর্ত দেখা গেছে। কড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক গর্ত হয়ে খালের সঙ্গে মিশে গেছে। দৌলতপুর ছিদ্দিকিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে বড় বড় গর্ত রয়েছে। দক্ষিণ বাঙ্গরা বাজারে অর্ধশতাধিক গর্ত রয়েছে। ওই স্থান দিয়ে প্রতিদিন অসংখ্য কাঠবাহী ট্রাক আসা-যাওয়া করে। ওই বাজারে স মিলের প্রচুর কারখানা থাকার কারণে সড়কের ওপর চাপ বাড়ছে। এ সড়ক দিয়েই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে লোকজন কুমিল্লা, ঢাকা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়কপথে যাতায়াত করে থাকে। প্রতিদিন এ পথে নবীনগর থেকে ঢাকাগামী তিশা পরিবহন, নবীনগর থেকে চট্টগ্রামগামী প্রান্তিক পরিবহন এবং নবীনগর থেকে কোম্পানীগঞ্জ হয়ে কুমিল্লাগামী জনতা পরিবহন আসা-যাওয়া করে। পীরকাশিমপুর গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিগত চারদলীয় জোট সরকারের আমলে এ সড়কে কিছু কাজ হয়েছিল। সেই কাজ টেকেনি। এরপর আর সড়কটি মেরামত করা হয়নি।’কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পীরকাশিমপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়েই কবি নজরুলের স্মৃতিজাগানিয়া দৌলতপুর, পীরকাশিমপুরের চিশতিয়া দরবার শরিফ ও নবীনগরে যাতায়াত করতে হয়। সড়কটি মেরামত না হওয়ায় জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সড়কের দুই পাশে মাটি সরে গেছে। প্রস্থও কম।’জনতা পরিবহনের চালক ফরিদ মিয়া বলেন, ‘দিনের পর দিন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। সরকারের তিন বছর পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত রাস্তাই ঠিক হলো না, সেতু ঠিক হবে কখন।’এদিকে সম্প্রতি দৌলতপুরে সওজের একটি গাড়ি থেকে কিছু বিটুমিনাসযুক্ত খোয়া সড়কের ওপর ফেলতে দেখা গেছে। সেখানকার শ্রমিকেরা জানান, আপাতত ক্ষত সারানোর জন্য ওই উদ্যোগ নেওয়া হয়েছে। সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান আরও বলেন, ‘১৭ কিলোমিটার ওই সড়কের দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টাকা এলে পুরোদমে কাজ শুরু হবে। বেইলি সেতুর জন্য আলাদাভাবে প্রস্তাব পাঠানো হয়েছে। ঢাকা থেকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’