১৭ কিলোমিটারে ২২টি গতিরোধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে সদর উপজেলার বসন্তপুর রেলক্রসিং পর্যন্ত ১৭ কিলোমিটার মহাসড়কে ২২টি গতিরোধক থাকায় যানবাহন চলাচলে প্রায় দ্বিগুণ সময় লাগছে। গতিরোধকের কারণে ঘন ঘন ব্রেক চাপায় যানবাহনের যন্ত্রপাতি দ্রত নষ্ট হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর আগেও দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর পর্যন্ত মহাসড়কে প্রায় ১০-১২টি গতিরোধক ছিল। এর মধ্যে গোয়ালন্দ, খানখানাপুর ও বসন্তপুর এলাকায় রেলগেট থাকায় সেখানে ছয়টি এবং মোগবুলের দোকান নামক এলাকার বাঁকে গতিরোধক রয়েছে। কিন্তু গত তিন-চার বছরে মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটায় স্থানীয় জনগণের আন্দোলন ও চাপের মুখে কর্তৃপক্ষ বাধ্য হয়ে আরও কয়েকটি গতিরোধক নির্মাণ করে। চলতি বছরের ৩০ জুলাই গোয়ালন্দ মোড়ে গাড়িচাপায় তিনজন নিহত হলে স্থানীয়দের চাপে কর্তৃপক্ষ সেখানে চারটি গতিরোধক নির্মাণ করে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে রয়েছে অপেক্ষাকৃত সরু আরও কয়েকটি গতিরোধক। গতিরোধকের কারণে দুর্ঘটনার হার কমলেও সড়কের এই অংশ পার হতে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। বারবার ব্রেক চাপায় যন্ত্রপাতিও দ্রুত ক্ষয় হচ্ছে।ফরিদপুর-ঢাকা পথে চলাচলকারী বাস বিকাশ পরিবহনের তত্ত্বাবধায়ক মোশাররফ হোসেন বলেন, এই ১৭ কিলোমিটার পথে অসংখ্য গতিরোধকের কারণে যাতায়াতে অনেক সময় লাগায় যাত্রীরা ক্ষুব্ধ হয়।গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী বলেন, ‘আমরা একটু সচেতন হলে এত গতিরোধকের প্রয়োজন পড়ে না। নিজেদের ভুলের কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হলেও যানবাহনচালককে দায়ী করি আর গতিরোধক নির্মাণের দাবি তুলি। এমন অনেক ঘটনার মীমাংসা করতে গিয়ে আমি নিজেই কয়েকবার স্থানীয় উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েছি। কিন্তু ঘন ঘন গতিরোধকের কারণে যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয় হওয়াসহ রাতে অনেক ডাকাতির ঘটনাও ঘটছে।’সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় মহাসড়কে এত ঘন ঘন গতিরোধক থাকার পক্ষে নয়। কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে এবং সড়ক দুর্ঘটনার পর স্থানীয়দের চাপে বাধ্য হয়ে অনেক গতিরোধক নির্মাণ করতে হয়েছে। তবে সময় বুঝে এ সংখ্যা কমিয়ে আনা হবে।