
লালমনিরহাটের পাটগ্রাম-দহগ্রাম আঞ্চলিক ব্যস্ততম সড়কের ১৭ কিলোমিটার অংশে ৪১টি বাঁক (মোড়)। তার ওপর আবার এই সড়কের দুপাশে স্তূপ করে রাখা হয়েছে খড়। এতে ঝুঁকিপূর্ণ সড়ক হয়ে গেছে আরও ঝুঁকিপূর্ণ।
সরেজমিনে গত রোববার এই আঞ্চলিক সড়কটির দহগ্রাম ইউনিয়নের শেষ গ্রাম আঙ্গরপোতা পর্যন্ত ১৭ কিলোমিটার অংশে ৪১টি বাঁক রয়েছে। দেখা গেল ওই সব মোড়সহ সড়কের বিভিন্ন স্থানে খেত থেকে ধান কেটে স্তূপ করে রাখা হয়েছে। এরপর ভুট্টা শুকানো হচ্ছে সড়কের ওপর। আর পাশেই ওই সব ধান ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাড়াই করা হয়েছে। মাড়াই শেষে ধান বাড়িতে নিয়ে গেলেও খড় সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে শুকানো হয়। এরপর সড়কের দুই পাশেই স্তূপ করে রেখেছেন। এতে সড়কটির অন্তর্গত ৪১টি মোড়ে দুই পাশে রাখা শতাধিক স্তূপের কারণে সড়কটির ছোট (সরু) হয়ে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা।
এ ছাড়া লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম থেকে চিলারবাজার পর্যন্ত, পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক সড়ক, ধবলসুতি-বুড়িমারী আঞ্চলিক সড়ক এবং পাটগ্রাম-সরকারেরহাট-বাউরাসহ সড়কে বোরো ধানমাড়াই ও খড় শুকানোর একই চিত্র দেখা গেছে।
দহগ্রামের তিনবিঘা করিডর গেট দেখতে আসা রংপুরের রনি মিয়া বলেন, প্রতিদিন দেশের কোনো না কোনো এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে এই আন্তর্জাতিক তিনবিঘা করিডর গেট দেখতে আসে। কিন্তু সড়কের যে হাল, মোড় তো রয়েছেই। খড়ও বিছানো। আবার পাশে স্তূপ করে ভুট্টা শুকানো হচ্ছে। এই সড়ক দিয়ে যানবাহন চালানো খুবই কঠিন। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এতে চলাচলে সময়ও লাগছে বেশি। তাই স্থানীয় প্রশাসনের সড়কটির দিকে নজর দেওয়া উচিত।
দহগ্রামের বাসিন্দা কৃষক মজিদ মিয়া বলেন, ‘কী করমো বাহে। নিজের মাঠ নাই। সেই জন্যই তো ঘাটাত (রাস্তা) ভুট্টা শুকাছো (শুকানো)। মানষির (মানুষ) একনা আকনা অসুবিধা হইবে তো। আর দুই-চাইর দিন ভুট্টা শুকাইলে হামার কাজ শ্যাষ। সেলা আর অসুবিধা হবার নয়। হামার জন্য একনা না হয় কষ্টই হইল।’
ছিটেরবাড়ি গ্রামের কৃষক দুলাল মিয়া বলেন, ‘এলা বাড়িত আর কাঁয়ো আগের মতো ফাঁকা জায়গা থয় (রাখে) না। বাধ্য হয়া পাকা রাস্তায় মাড়াইয়ের কাজ করে।’
পানবাড়ি গ্রামের বাসিন্দা নাসির জানান, মৌসুমে ধানের খড় বিছানো সড়কে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ। গত বছর তিনি ভেজা খড়ের কারণে পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
উপজেলার বাউরা ইউনিয়নের ভুট্টা ব্যবসায়ী লিমন মোস্তাজির জানান, দহগ্রামে ভুট্টা কিনতে গিয়ে ওই সড়কে পাশে রাখা খড়ে স্তূপের আড়ালে গরু খড় খাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওই গরু রাস্তায় চলে আসায় গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গরুসহ মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
দহগ্রাম আঞ্চলিক সড়কের ব্যটারিচালিত অটোরিকশাচালক সাদরু মিয়া বলেন, এই সড়কটি এমনিতে ব্যস্ততম সড়ক। তার ওপর অনেক আঁকাবাঁকা মোড়। কিন্তু সড়কে ধানমাড়াই ও শুকানোর কাজ সারা দিন ধরে চলে। তাই ঠিকমতো গাড়ি চালানো যায় না। বিশেষ করে ভেজা খড়ের ওপর দিয়ে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, সড়ক দখল করে এ ধরনের কর্মকাণ্ড করা বেআইনি। এলাকার জনপ্রতিনিধিদের এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।