১৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৪ বছর আগে চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় এমভি নাসরিন-১ লঞ্চডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন উচ্চ আদালত। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নিহত ও নিখোঁজ প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা এবং আহত প্রত্যেককে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল বিচারিক আদালতের ওই রায়ে। এই রায়ের পর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে উচ্চ আদালতের দেওয়া রুল খারিজ করে গতকাল রায় দেওয়া হয়।

আদালতে ব্লাস্টের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, কামরুল হক সিদ্দিকী ও সুব্রত চৌধুরী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) মালিক সমিতিসহ অপর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, রাফসান আলভী ও ইশরাত হাসান।

পরে আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, বিচারিক আদালতের রায়ে ওই লঞ্চডুবির ঘটনায় নিহত ১৭১ ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা এবং আহত হয়ে বেঁচে থাকা একজনকে ১ লাখ টাকা দিতে বলা হয়েছিল। এই রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ফলে ডিক্রি কার্যকর করতে আইনগত কোনো বাধা নেই।