১৭ কোটি টাকা ক্ষতিপূরণের রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌদ্দ বছর আগে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি নাসরিন-১ লঞ্চ ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন উচ্চ আদালত। আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে মৃত ও নিখোঁজ প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ও আহত প্রত্যেককে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল বিচারিক আদালতের ওই রায়ে। এই রায়ের পর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে উচ্চ আদালতের দেওয়া রুল খারিজ করে এ রায় দেওয়া হয়।
আদালতে ব্লাস্টের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন, কামরুল হক সিদ্দিকী ও সুব্রত চৌধুরী। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) মালিক সমিতিসহ অপর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, রাফসান আলভী ও ইশরাত হাসান।
পরে আইনজীবী সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতের রায়ে ওই লঞ্চডুবির ঘটনায় মৃত ১৭১ ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং একজন আহত বেঁচে থাকা ব্যক্তিকে এক লাখ টাকা দিতে বলা হয়েছিল। এই রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ফলে ডিক্রি কার্যকর করতে আইনগত কোনো বাধা নেই। এখন মৃত ২, নিখোঁজ ১৬৯ জন (মৃত)-সহ মোট ১৭১ জনের পরিবার ও আহত একজনকে ক্ষতিপূরণ দিতে হবে।
তবে আইনজীবী ইশরাত হাসান প্রথম আলোকে বলেন, বিবাদীপক্ষের আইনজীবীদের অনুপস্থিতে বিচারিক আদালত একতরফা রায় দেন। এর বিরুদ্ধে প্রথমে নিম্ন আদালতে মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করা হয়। এটি খারিজ হলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। হাইকোর্ট রুল খারিজ করে রায় দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
মামলাসূত্রে জানা যায়, চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ২০০৩ সালের ৮ জুলাই এমভি নাসরিন-১ লঞ্চডুবির ঘটনা ঘটে। এতে ১১০ জন মারা যান ও ১৯৯ জন নিখোঁজ হন। এরপর চাঁদপুরের জেলা প্রশাসক লঞ্চ ডুবিতে ক্ষতিগ্রস্ত চার শ জনের তালিকা প্রকাশ করেন। সে তালিকা অনুযায়ী নৌ-দুর্যোগ ট্রাস্টি বোর্ড মৃত ও আহত ব্যক্তিদের পরিবারকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়, যার পরিমাণ ৭০ লাখ ৫০ হাজার টাকার ওপরে। মৃত ব্যক্তিদের দেওয়া ওই ক্ষতিপূরণ অপ্রতুল দাবি করে ২০০৪ সালে ঢাকার তৃতীয় জেলা জজ আদালতে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষে ক্ষতিপূরণ মামলা করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। মামলায় ২৮ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়, বলা হয় মৃতের সংখ্যা ১৭১ জন।
মামলা সূত্রে জানা যায়, মামলাটি ২০১২ সালে ঢাকার সপ্তম যুগ্ম জেলা জজ আদালতে পাঠানো হয়। এই আদালত ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি রায় দেন। রায়ে ৬০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব৵ক্তিদের ১৭ কোটি ১১ লাখ টাকা দিতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। পরে বিবাদীরা জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ চেয়ে মামলা পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করলে তা খারিজ হয়।
আইনজীবী সূত্র বলেছে, এ আদেশের বিরুদ্ধে বিআইডব্লিউটিএসহ বিবাদীপক্ষ ২০১৬ সালের ২৪ অক্টোবর হাইকোর্টে রিভিশন আবেদন করে। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলে নিম্ন আদালতের রায় কেন বাতিল ও রদ করা হবে না তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপর ২৪ মে চূড়ান্ত শুনানি শেষ হয়। এরপর আজ রুল খারিজ করে রায় দেন আদালত।