১৭ কোটি টাকার কাজে সমঝোতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের ১৭ কোটি ৬৫ লাখ টাকার দরপত্রের কাজ সমঝোতার মাধ্যমে ভাগ-বাটোয়ারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দরপত্রে মোট ৯১টি শিডিউল বিক্রি হলেও গতকাল সোমবার শিডিউল জমা দেওয়ার শেষ দিনে জমা পড়েছে মাত্র ১২টি। সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পে ১৭ কোটি ৬৫ লাখ টাকার কাজের প্রথম দফা দরপত্র দুই মাস আগে আহ্বান করা হয়। দরপত্রে কিছু সংশোধনী এনে পরে একই প্রকল্পের দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে ১ নম্বর গ্রুপে আম্বরখানা-বড়বাজার ও জেল রোড-কাজীটুলা সড়ক, ২ নম্বর গ্রুপে ওসমানী মেডিকেল কলেজ সড়ক, ৩ নম্বর গ্রুপে মির্জাজাঙ্গাল, রিকাবীবাজার, সুবিদবাজার-মিরের ময়দান, ভিআইপি রোড, জিন্দাবাজার-লামাবাজার সড়ক এবং ৪ নম্বর গ্রুপে নাইওরপুল-জিন্দাবাজার ও উপশহর প্রধান সড়ক মেরামতকাজের কথা উল্লেখ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করেন, দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করার পর প্রভাবশালী একটি মহল কাজ পেতে তৎপর হয়ে ওঠে। গত রোববার কয়েকজন কাউন্সিলর সংশ্লিষ্ট ঠিকাদারদের নিয়ে নগরের জিন্দাবাজার এলাকায় ‘সমঝোতা’ আলোচনায় বসেন। ওই বৈঠকে নানাভাবে চাপ প্রয়োগ করে অধিকাংশ ঠিকাদারের দরপত্রের শিডিউল জমাদানে বাধা দেওয়া হয়। আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতা দরপত্রের শিডিউল জমা দেওয়ার আগেই কাজগুলো ভাগাভাগি করে নেন। সিটি করপোরেশন সূত্র জানায়, জমা পড়া ১২টি শিডিউলের মধ্যে ২ নম্বর গ্রুপে শিডিউল জমা পড়েছে একটি। শিডিউলটি জমা দেয় ‘নির্মিত অ্যান্ড ওয়াহিদুজ্জামান’ (জেবি) নামের একটি প্রতিষ্ঠান। এ ছাড়া ১ নম্বর গ্রুপে তিনটি এবং ৩ ও ৪ নম্বর গ্রুপে চারটি করে শিডিউল জমা পড়ে। জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘আমাদের দেখার বিষয় ছিল নিরাপত্তা। এ বিষয়টি নিশ্চিত করতে শিডিউল জমার সময় নগর ভবনে ব্যাপকসংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছিল। এর মধ্যেই ঠিকাদারেরা শিডিউল জমা দেন।’ একই প্রকল্পে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘আগেরবার ৩৮ শতাংশ ছাড় দিয়ে শিডিউল জমা দেওয়া হয়েছিল। ওই সময় দরপত্র বাতিল না করতে আমাকে নানাভাবে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু কাজের মান ভালো হবে না বলে আমি তা বাতিল করে দিই। এতে সময় নষ্ট হওয়ায় দ্রুত কাজ শেষ করতে চার গ্রুপে ভাগ করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে।’ দরপত্রে সমঝোতার অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, ‘কেউ যদি গোপনে আঁতাত করে কিছু করে, তাহলে তো আমাদের করার কিছু নেই। তবে আজ (গতকাল) তো মাত্র শিডিউল জমা পড়েছে। সংশ্লিষ্ট কমিটি শিডিউলগুলো যাচাই-বাছাই শেষ করুক, অভিযোগ থাকলে অবশ্যই খতিয়ে দেখা হবে।’