১৭ গতিরোধক কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশে দুর্ঘটনা এড়াতে নির্মাণ করা ১৭ গতিরোধক কোনো কাজে আসছে না। সড়কে গতিরোধকের কোনো সংকেত বা চিহ্ন না থাকায় দুর্ঘটনা কমার বদলে বেড়ে গেছে। এ অংশে গত আট মাসে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে।সড়ক ও জনপথ বিভাগের বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে নগরের আমতলা মোড় থেকে গৌরনদী পর্যন্ত ১৭টি গতিরোধক নির্মাণ করা হয়েছে। এগুলোর মধ্যে ১০টি স্থানে অধিক উচ্চতার গতিরোধক নির্মাণ করা হয়েছে। এগুলো নগরের সরকারি শিশু সদন ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সামনে, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, কাশিপুর বাজার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ক্যাডেট কলেজ এলাকা, ইচলাদি, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু, মেজর এম এ জলিল সেতু এবং বাটাজোর এলাকায় অবস্থিত। তবে এগুলোর কোনোটিই সওজের অনুমোদন নিয়ে স্থাপন করা হয়নি। যখন যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানেই এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে একটি গতিরোধক স্থাপন করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়কের ওপর কোনো চিহ্ন বা সংকেত না থাকায় দূর থেকে সামনে যে গতিরোধক আছে, তা বুঝতে কষ্ট হয়। এমনকি গতিরোধকের আশপাশে ও ওপরেও কোনো চিহ্ন নেই। এ কারণে যেসব স্থানে গতিরোধক আছে, সেসব স্থান ও এর আশপাশে দুর্ঘটনা ঘটছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ নভেম্বর এ মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় দুর্ঘটনায় শহীদুল ইসলাম, ১৫ নভেম্বর নগরের রূপাতলী এলাকায় বাসচাপায় এক স্কুলশিক্ষক ও একজন প্রকৌশলী এবং ২০১২ সালের মার্চ মাসে আবদুর রব সেরনিয়াবাদ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে নাহিদ শরীফ, রবিন খান এবং ১২ মে উজিরপুর এলাকার ইচলাদি এলাকায় আলমগীর হোসেন নিহত হন।বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, গতিরোধকের কোনো চিহ্ন না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে যেসব চালক গাড়ি নিয়ে জেলার বাইরে থেকে বরিশালে আসেন, তাঁদের জন্য খুব সমস্যা হয়।বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, মহাসড়কের বরিশাল অংশে কোনো গতিরোধকের চিহ্ন না থাকায় অনেক সময়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা কমাতে দ্রুত গতিরোধকের চিহ্ন এবং জেব্রা ক্রসিং স্থাপন করা প্রয়োজন।সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস বলেন, মহাসড়কের গতিরোধকগুলোর অবস্থান বোঝানোর জন্য সড়কে সংকেত বা চিহ্ন দিয়ে দেওয়া হবে। সড়কে উন্নয়নমূলক কাজ চলায় এ কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।