বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বাংলাদেশে গ্রামের চেয়ে শহরে চিকিৎসকের সংখ্যা ১৭ গুণ বেশি। নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সিংহভাগ শহরেই থাকে। পুরুষ ও মাহিলা চিকিৎসকের অনুপাত ৬ঃ১। অন্যদিকে একজন চিকিৎসকের সঙ্গে কাজ করেন দশমিক ৪ জন নার্স। এখানে স্বাস্থ্য খাতে জনবলসংকট প্রকট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক কমিটির বৈঠকের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার একটি অধিবেশনে ডব্লিউএইচওর অবস্থানপত্রে এ তথ্য দেওয়া হয়। অবস্থানপত্রে বলা হয়, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের স্বাস্থ্য খাতে জনবলসংকট প্রকট। যে জনবল আছে তা বণ্টন করা হয়েছে অসমভাবে। দেশগুলোতে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতিও আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অকার্যকর ব্যবস্থাপনা। এ সবকিছু স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থাকে জটিল করে তুলেছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, অবস্থানপত্রটিতে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘সংকট আছে। কিন্তু আমরা বসে নেই। সম্প্রতি তিন হাজার ধাত্রী নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছেন।’
বৈঠকে ভারতের প্রতিনিধিরা জানান, ‘স্বাস্থ্যের জন্য মানবসম্পদ’ (হিউম্যান রিসোর্সেস ফর হেলথ) বিভাগের মাধ্যমে ভারত জনবল-সম্পর্কিত সমস্যা চিহ্নিত করে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়। ভুটানের প্রতিনিধি বলেন, তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই প্রবাসী চিকিৎসক, অবসরে যাওয়া স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবী কাজে লাগিয়ে সমস্যা মোকাবিলা করেন।
ভাইরাল হেপাটাইটিস নিয়ে আয়োজিত অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রতিবছর ম্যালেরিয়া, ডেঙ্গু, এইচআইভি/এইডসে যত মানুষ মারা যান, শুধু ভাইরাল হেপাটাইটিসেই মৃত্যু হয় তার চেয়ে বেশি। জনস্বাস্থ্য সমস্যা হলেও বাংলাদেশে বিষয়টি উপেক্ষিতই। তিনি ভাইরাল হেপাটাইটিসের বিস্তার নিয়মিত পর্যবেক্ষণ ও ওষুধ উৎপাদনে সহযোগিতার জন্য ডব্লিউএইচওকে অনুরোধ করেন।
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সনাতন ওষুধের নিরাপদ ব্যবহার বাড়ানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোটি কোটি মানুষ সনাতন ওষুধের ওপর নির্ভরশীল। সনাতন ওষুধের মানোন্নয়ন ও চিকিৎসকদের বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
গতকাল দেশগুলো অসংক্রামক ব্যাধির ঝুঁকি কমাতে একযোগে কাজ করে ২০২৫ সালের মধ্যে মাদকের ক্ষতিকর ব্যবহার ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। অটিজম নিয়ে একটি বৈঠকে ১১টি দেশ একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির চার দিনের বৈঠক আজ ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে।