১৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে দুর্ঘটনাকবলিত অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি আজ বুধবার সকাল আটটার দিকে উদ্ধার হয়েছে। ট্রেনটির লাইনচ্যুত পাঁচটি বগির উদ্ধারকাজ এখনো চলছে। এতে ১৭ ঘণ্টা ধরে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার অবরোধকারীরা ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের স্লিপার উপড়ে ফেলায় রাত সোয়া ১০টার দিকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী ওয়াজির আহমদ মজুমদার জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে উদ্ধারকারী দল অগ্নিবীণার উদ্ধারে কাজ শুরু করে। আজ সকাল আটার দিকে ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার করে পাশের গাজীপুর স্টেশনে পাঠানো হয়েছে। দুপুর দুইটার মধ্যে অন্য বগিগুলোর উদ্ধারকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। অবরোধকারীরা রেললাইনের কিছু স্লিপার তুলে ফেললেও এ দুর্ঘটনায় ৪০০ ফুট লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মাস্টার এস এম মফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে ওই পথে চলাচলকারী তিস্তা এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস ও কমিউটারসহ সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে।
টঙ্গী রেলওয়ে জংশনের মাস্টার মো. হালিমুজ্জমান জানান, এই দুর্ঘটনার পর রাত ১০টা ২০মিনিটে ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী জংশন থেকে ঢাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।