ছাত্রলীগের কর্মীদের র্যা গিংয়ের সমালোচনা করে ১৭ শিক্ষার্থী প্রহৃত হওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের ৩০২ নম্বর কক্ষে গত সোমবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীদের ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।
হলের প্রাধ্যক্ষ সৈয়দ হাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আজ (গতকাল) হল প্রশাসনের সভা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে হলের আবাসিক শিক্ষক মো. আশরাফুল আলমকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই রাতে হলের নিরাপত্তার দায়িত্বরত দুজন গার্ড ও একজন সিকবয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মারধরের শিকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে এ ঘটনা ঘটলেও ছাত্রলীগের কর্মীদের হুমকির কারণে এত দিন তাঁরা মুখ খোলেননি। গতকাল পর্যন্ত কেউ প্রশাসনের কাছে অভিযোগও করেননি। তাঁরা বলেন, সোমবার বিকেলে হলের মেঘনা ব্লকের ১১৪ নম্বর কক্ষে ৪৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে র্যা গিংয়ের সমালোচনা করছিলেন। এ সময় কেউ একজন র্যা গিংয়ের অভিযোগে ৪৩তম ব্যাচের ছাত্রলীগের কয়েকজন কর্মীর নাম ধরে গালিগালাজ করেন। কক্ষের বাইরে থেকে ৪৩তম ব্যাচের ছাত্রলীগের কোনো এক কর্মী তাঁদের এই কথোপকথন ও গালিগালাজ শুনতে পান। শোনার পর ওই দিন রাত আড়াইটার দিকে হলের ১১৪ নম্বর কক্ষের ১৭ জন শিক্ষার্থীকে তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে ডেকে পাঠান ছাত্রলীগের কর্মীরা। বিকেলে কে বা কারা ছাত্রলীগের কর্মীদের গালিগালাজ করেছিলেন, তা জানতে চাওয়া হয়। উত্তর না দেওয়ায় বেয়াদবির অভিযোগ এনে তাঁদের মারধর করেন ছাত্রলীগের কর্মী ও দর্শন বিভাগের শিক্ষার্থী আমিনুজ্জামান ইয়াসিন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চন্দন রায় ওরফে শুভ, সরকার ও রাজনীতি বিভাগের বাবু খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রাকিব আল হাসান, প্রত্নতত্ত্ব বিভাগের আসিফ উল ইসলাম এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মনির ভূঁইয়া।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলামসহ দু-তিনজনকে রড দিয়ে বেধড়ক মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। অন্যদের চড়-থাপড় মারেন তাঁরা। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অকারণে তাঁদের মারধর করা হয়েছে।
ছাত্রলীগের কর্মী আসিফুল ও মনির এ ঘটনা অস্বীকার করেন। তবে ইয়াসিন বলেন, ‘ওরা বেয়াদবি করেছিল বলে চড়-থাপড় দেওয়া হয়েছে।’