ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ নয় শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে ৭১০ জন ছাত্র আছে। এখানে ১৭ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন আটজন। এ আটজনের মধ্যে প্রায়ই এক-দুজন থাকেন প্রশিক্ষণে। আট বছর ধরে ভারপ্রাপ্তরাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ইংরেজি, পদার্থ ,রসায়ন ও হিসাববিজ্ঞান বিষয়ে দুজন করে শিক্ষক থাকার কথা থাকলেও এসব বিষয়ে কোনো শিক্ষক নেই। এ ছাড়া বাংলা ও জীববিজ্ঞানের একটি করে পদ শূন্য রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় শ বছরের পুরোনো (১৮৭১ সালে প্রতিষ্ঠিত) এ বিদ্যালয়টিকে ১৯৮৬ সালে জাতীয়করণ করা হয়। এরপর থেকে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকে। একসময় এখানে সহস্রাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করত। বর্তমানে বিদ্যালয়ে কোনো ছাত্রী ভর্তি করা হয় না। সেই সঙ্গে শিক্ষকস্বল্পতার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পাচ্ছে।
১০ আগস্ট সরেজমিন দেখা যায়, দশম শ্রেণিতে মানবিক বিভাগে ছয়জনের মধ্যে দুজন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮ জনের মধ্যে ২৫ ও বিজ্ঞান বিভাগে ৪৩ জনের মধ্যে ছয় শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত রয়েছে।
কয়েকজন অভিভাবকের অভিযোগ, এখানে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান হয় না। দৈনিক সাতটি ক্লাস হওয়ার কথা থাকলেও শিক্ষকসংকটে চার-পাঁচটির বেশি হয় না।
দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজ মিয়া বলে, ‘আমাদের ইচ্ছা থাকলেও পদার্থ ও রসায়ন বিষয়ে ক্লাস করতে পারি না। আমাদের ফলাফলও ভালো হবে না।’
প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক হযরত আলী বলেন, ‘ শিক্ষকসংকটে পাঠদান সামান্য হলেও ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, বিদ্যালয়টির প্রধান সমস্যা শিক্ষকসংকট। এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মনোয়ারা বেগম বলেন, ‘শিক্ষকদের শূন্যপদগুলোর তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করি, শিগগির সেখানে শিক্ষক দেওয়া হবে।’