সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে (৩৮) কুপিয়ে হত্যা করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সখিপুর এলাকার আমজাদ হোসেন (৩৫) ও তাঁর ছেলে ফিরোজ আলম (১৫) এবং শহীদুল ইসলাম (৩০), সোহরাব আলী (৫০), রফিকুল ইসলাম (৪২), মনিরুল ইসলাম (৩৫), জাহিদ ইসলাম (২০), কামরুল ইসলাম (২৪), আবদুর রহিম (৪৫) নারিকেলি গ্রামের আবদুল হামিদ (৬৩), রবিউল ইসলাম (৩০), নাজমুল হাসান (২৫), আবদুল আল মামুন (২৩), আফসার আলী (২৫), নবাব আলী সরদার (৪০) আনিস সরদার (৩০) ও চণ্ডীপুর গ্রামের মনিরুজ্জামান (৫৫) ।
১৭ জনকে আটক করার খবরের সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোরবান আলী জানান, নিহত আবু রায়হানের পরিবার মামলায় ইচ্ছুক নয়। পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে। তাঁরা সবাই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত কি না, তা বলা যাচ্ছে না।
গতকাল রাত সোয়া আটটার দিকে দেবহাটার সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পারুলিয়া বাজার এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে আবু রায়হান কয়েকজনকে নিয়ে পারুলিয়া বাজারের মোমেনা বস্ত্রালয়ের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী রামদা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ভয়ে লোকজন দোকানপাট বন্ধ করে চলে যায়। আবু রায়হানের লাশ ঘটনাস্থলে পড়ে থাকে।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের দাবি, জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে আবু রায়হানকে হত্যা করেছেন। কয়েক দিন আগেও তাঁরা পারুলিয়া বাজারে রায়হানের ব্যক্তিগত অফিস ভাঙচুর করেন ও আসবাব পুড়িয়ে দেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর মোহাম্মদ দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও তাঁর ব্যবসায়িক দ্বন্দ্বে আবু রায়হান খুন হয়ে থাকতে পারেন। এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।