শেরপুর শহরের একটি বিনোদনকেন্দ্র থেকে গতকাল সোমবার অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৭ তরুণ-তরুণীকে আটক করে পুলিশ। তবে পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু সরকারি অনুমোদন ছাড়া বিনোদনকেন্দ্র চালানোর অভিযোগে বিনোদনকেন্দ্রের মালিক মো. আজহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কান্দাপাড়া এলাকায় অবস্থিত ‘অর্কিড বিনোদনকেন্দ্রে’ দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুর আলীর নেতৃত্বে পুলিশ গতকাল দুপুরে সেখানে অভিযান চালায়। এ সময় আজহার আলী বিনোদনকেন্দ্র পরিচালনার ব্যাপারে সরকারের কোনো অনুমোদন দেখাতে পারেননি। পরে বিনোদনকেন্দ্রের ভেতর ঢুকে সেখানে বেড়াতে আসা অনেক তরুণ-তরুণীকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের ১৭ জনকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তারা সবাই শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদ শেষে আটক তরুণ-তরুণীদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।