রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা খুনের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। নগরের মতিহার থানায় দায়ের হওয়া এ মামলায় আসামি করা হয়েছে ১৭ জনকে। খুনের ঘটনার পরপরই আটক হওয়া দলের দুই নেতাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির শ্রমিক ফেডারেশনের সদস্য মোহাম্মদ আলীর (২৮) হাত-পা ও ঘাড় ভেঙে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে নগরের ডাঁশমারী এলাকার একটি নর্দমার মধ্যে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ওয়ার্কার্স পার্টির ডাঁশমারী ওয়ার্ডের সদস্য জিয়ারুল ইসলাম (৩৮) ও রফিকুল ইসলামকে (৫৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। খুনের ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় গত শুক্রবার রাতে মোহাম্মদ আলীর ভাই জীবন আলী বাদী হয়ে নগরের মতিহার থানায় ১৭ জনের নামে একটি মামলা করেন। এই ১৭ জনের মধ্যে জিয়ারুল ও রফিকুলও রয়েছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, জিয়ারুল ও রফিকুলকে আজ রোববার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।