১৭ জনের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী অর্ধেকের বেশি কাউন্সিলরের বিরুদ্ধে হয় হত্যা, নয়তো চাঁদাবাজি অথবা অস্ত্র আইনে মামলা ছিল এবং রয়েছে। এর মধ্যে অনেকে অব্যাহতি বা খালাস পেয়েছেন।

ছয়জনের বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন। জমা দেওয়া হলফনামা ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জয়ী ৩১ জন কাউন্সিলরের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বেআইনি অস্ত্র বহনসহ নানা অভিযোগে মামলা রয়েছে।

বিজয়ী আওয়ামী লীগ-সমর্থিত ছয় কাউন্সিলরের মধ্যে চারজনই বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত। এসব অভিযোগের মধ্যে হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ২১ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া। ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী কাউন্সিলর মো. শাহদাত মিনার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এর আগে তিনি একটি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। শাহাদত বলেন, তাঁর বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক শত্রুতা। আওয়ামী লীগ-সমর্থিত বাকি দুই বিজয়ী কাউন্সিলরের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের মো. সহিদুর রহমান। ১৩ নম্বর ওয়ার্ডের এস এম খুরশিদ আহমেদ একাধিক সন্ত্রাস ও চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

বিএনপি-সমর্থিত ২২ জন কাউন্সিলরের মধ্যে বর্তমান ও অতীত মিলে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের মামলা রয়েছে ১০ জনের বিরুদ্ধে। এর মধ্যে পাঁচজন কাউন্সিলর মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বাকি পাঁচজনের মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের শেখ শওকত আলীর বিরুদ্ধে রয়েছে অস্ত্র ও হত্যাচেষ্টার মামলা। ১৪ নম্বর ওয়ার্ডের এস এম আবুল কালাম আজাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডের মো. আনিচুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক ধারায় একটি মামলা রয়েছে। এর আগে তিনি চারটি ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পান। আনিচুর রহমান বলেন, ‘হয়রানির উদ্দেশ্যে তাঁর প্রতিপক্ষরা এসব মামলা দিয়েছে।’ ১৮ নম্বর ওয়ার্ডের মো. হাফিজুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। পুলিশি কাজে বাধা, ভাঙচুরের মামলা। মামলায় তিনটি তদন্তাধীন।

৩১ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী জামায়াত-সমর্থিত কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা ও সরকারি কর্মকর্তাকে মারধরসহ তিনটি মামলা রয়েছে। হেলালের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয়। নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী স্বতন্ত্র কাউন্সিলর গোলাম মাওলার বিরুদ্ধে রয়েছে দুটি হত্যা মামলা। এর আগে তিনি সাতটি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। একই সঙ্গে আটটি অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। গোলাম মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।