১৭ জনের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে গত এক বছরে ১৭ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। এর মধ্যে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে চার স্বামীকে, স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজন, চন্দনাইশের চাঞ্চল্যকর এক বৃদ্ধাকে হত্যার দায়ে চারজন, রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে পাঁচজনকে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিধাত সারিমা রহমানকে হত্যার দায়ে প্রেমিক এস এম তোহা সৌরভকে ফাঁসির আদেশ ছিল বছরজুড়ে আদালতপাড়ায় আলোচিত।
তবে দণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামির ফাঁসি কার্যকর হয়নি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। বর্তমানে সেগুলোর শুনানি চলছে। বেশির ভাগ আসামিই কারাগারে রয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, গত এক বছরে ফাঁসির আদেশ পাওয়া আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন। এ ছাড়া কারাগারে আটক ২০ ফাঁসির আসামির কারও ফাঁসি কার্যকর হয়নি গত এক বছরে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিধাতের বাবা মিজানুর রহমান বলেন, ‘আমি আমার বুকের ধন হারিয়েছি। ওকে আর ফিরে পাব না। আসামির ফাঁসি কার্যকর দেখে গেলে শান্তি পাব।’
আদালত সূত্রে জানা গেছে, বছরের শুরুতে ২৮ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী অশ্রু চৌধুরীকে হত্যার দায়ে স্বামী মুকেশ সিংয়ের উপস্থিতিতে বিচারক ফাঁসির আদেশ দেন। ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন মুকেশ।
একইভাবে বাঁশখালীর পশ্চিম গন্ডামারা এলাকায় ২০০৫ সালের ১২ এপ্রিল পুকুরে ডুবিয়ে স্ত্রী লুৎফুন্নাহারকে হত্যার দায়ে স্বামী আবদুল গফুরকে ফাঁসি দিয়েছেন বিচারক গত ৭ ফেব্রুয়ারি।
২০০৭ সালের ১১ মার্চ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় স্ত্রী খালেদা আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মোস্তফা ওরফে মনুকে ফাঁসির আদেশ দেন বিচারক গত ২০ ফেব্রুয়ারি। যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত গত ৩০ সেপ্টেম্বর।
যৌতুকের টাকা না পেয়ে ২০০৯ সালের ১০ অক্টোবর মিরসরাই উপজেলায় স্ত্রী তাহমিনা সুলতানা ববিকে গলাটিপে হত্যা করেন স্বামী। এ ছাড়া স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত গত ১১ মার্চ। দণ্ডিত আসামিরা হলেন মিনা আক্তার, মিনার বন্ধু মো. জাহেদ ও মো. সোহেল। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর পরকীয়া সম্পর্কের কারণে স্বামী মাসুদুলকে হত্যা করা হয়।
চন্দনাইশের আলোচিত বৃদ্ধ চেমন আরাকে ২০০৯ সালের ১০ নভেম্বর খুনের দায়ে চার আসামির ফাঁসির আদেশ দেন বিচারক গত ১৯ মে। চার আসামি হলেন আবু মোকাররম, শাহ আলম ও শাহ আলমের স্ত্রী জোহরা খাতুন ও শহীদুল ইসলাম।
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টার ছাত্রী মিধাত সারিমা রহমান হত্যা মামলায় একমাত্র আসামি এস এম তোহাকে (২৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত গত ১৯ মে। ২০১০ সালের ২১ অক্টোবর নগরের জিইসি মোড় এলাকায় মিধাতকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
বাঁশখালীতে ১৯৯৭ সালের ১১ এপ্রিল এক কিশোরীকে গণধর্ষণের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত গত ৩০ জুন। রায় ঘোষণার সময় সব আসামি পলাতক ছিলেন। দণ্ডিত আসামিরা হলেন রশিদ আহমেদ, মোহাম্মদ কেনু, নাসির, কবির আহমেদ ও নূরুল আবছার।
রাঙ্গুনিয়ায় এক উপজাতি তরুণীকে ২০১২ সালের ৮ জানুয়ারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আটকে রেখে গণধর্ষণের মামলায় তিন যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত গত ২৪ সেপ্টেম্বর। দণ্ডাদেশপ্রাপ্তরা হলো কামাল উদ্দিন জুয়েল, ইকবাল হোসেন ও সুমন ওরফে রবি দাশ।