১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিবহির্ভূতভাবে সাভারে ধসে পড়া রানা প্লাজা নয়তলা পর্যন্ত করার অনুমোদন নেওয়া এবং পোশাক কারখানা স্থাপনের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ভবনটির মালিক রানার মা-বাবা, সাভার পৌরসভার ওই সময়ের বেশ কয়েকজনকেও আসামি করা হয়েছে। তবে নাম নেই ভবনের মালিক রানার। আজ রোববার দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার থানায় ওই মামলা দায়ের করেন।
মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন রানার পিতা আবদুল খালেক ও মা মর্জিনা বেগম, সাভারের ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ আলী খান, স্থপতি এ টি এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার মেয়র মো. রেফায়েত উল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাভার পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাবেক শহর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোতালিব, পৌরসভার সাবেক সচিব আবুল বাশার, ফ্যান্টম অ্যাপারেলস অ্যান্ড ফ্যান্টম টেক লিমিটেডের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, নিউওয়েব বটমস ও নিউওয়েব স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ এবং ইথারটেক্সের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ছয়তলাবিশিষ্ট রানা প্লাজা শপিং কমপ্লেক্সকে পরে বিধিবহির্ভূতভাবে ১০তলা পর্যন্ত করার অনুমোদন নেন এবং নয়তলা পর্যন্ত উন্নীত করেন। সেখানে পোশাক কারখানাও স্থাপন করেন। এটি দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ সালের ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে উল্লেখ করা হয়।