১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের হামলায় সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির দুই নেতাসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার থানায় হত্যা মামলা হয়েছে। নিহত শশাঙ্ক মিত্র চাকমার স্ত্রী ঝরনা চাকমা বাদী হয়ে গতকাল শুক্রবার ১৭ জনের নাম উল্লেখ করে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে নাম বলা ঠিক হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার শিজক এলাকাসহ সার্বোয়াতলী ইউনিয়ন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির আধিপত্য রয়েছে। নিহত দুই নেতা শশাঙ্ক মিত্র চাকমা ও নন্দ কুমার চাকমাসহ জনসংহতি সমিতির নেতা-কর্মীরা প্রায় প্রতিদিন শিজক কলেজের সামনে এসে চা পান করতেন। জনসংহতি সমিতির নেতা-কর্মীরা মনে করছেন, এই সংবাদটি স্থানীয় কেউ প্রতিপক্ষদের দিয়েছে এবং দুর্বৃত্তদের সেখানে আসতে ও লুকিয়ে থাকতে সাহায্য করেছে।

 জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমা বলেন, ‘আমরা কাউকে সন্দেহ করছি না। স্থানীয় লোকজনের প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে।’ এদিকে গতকাল নিহত তিনজনের লাশ দাহ করা হয়েছে। দাহক্রিয়া অনুষ্ঠান শেষে নিহত নন্দ কুমার চাকমার স্ত্রী শিলিকা চাকমা বলেন, ‘আমাদের দুই ছেলেমেয়েরই পরীক্ষা চলছে। বড় ছেলে অষ্টম শ্রেণী আর মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তাদের বাবা। এখন কীভাবে সংসার আর ছেলে মেয়েদের পড়াশোনা চালাব বুঝতে পারছি না।’

গত বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের শিজক কলেজ এলাকায় একদল দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি শশাঙ্ক মিত্র চাকমা, সাংগঠনিক সম্পাদক নন্দ কুমার চাকমা ও স্থানীয় বাসিন্দা যুধিষ্ঠির চাকমা নিহত হন। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি প্রতিপক্ষ ইউপিডিএফ ও জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করলেও সংগঠন দুটি অভিযোগ অস্বীকার করেছে।