নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গতকাল রোববার চতুর্থ দফা গণশুনানি করেছে। এতে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মোট চার দফায় ২৯৩ জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি৷
গতকাল সাক্ষ্য দেওয়া ১৭ জনের মধ্যে পাঁচজন ছিলেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মচারী, পিয়ন ও বাবুর্চি। গত ২৭ এপ্রিল সাতজনকে অপহরণের ঘটনার পরপর সাংসদ শামীম ওসমান ও কাউন্সিলর নূর হোসেন রাইফেল ক্লাবে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। এই পাঁচজন ওই দিনের ঘটনা সম্পর্কে তদন্ত দলকে বলেছেন বলে জানা গেছে।
এ ছাড়া গতকাল নারায়ণগঞ্জের সাবেক বিএনপি সাংসদ সিরাজুল ইসলামের মেয়ে শাহীনা ইসলাম সাক্ষ্য দিয়েছেন। শাহীনা প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটিকে তিনি বলেছেন, নারায়ণগঞ্জে সব ঘটনাই ঘটে শামীম ওসমানের নির্দেশে। এ ঘটনার সঙ্গে তাঁর সম্পর্ক আছে। তা ছাড়া তিনি প্রশাসন ও র৵াবকেও দায়ী করেন৷
এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ রাজনীতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তদন্ত কমিটিকে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা সবাই শামীম ওসমানের অনুগত বলে পরিচিত। তাঁরা স্মারকলিপিতে অভিযোগ করেছেন, নূর হোসেনের অর্থের উৎস ও তাঁর সুবিধাভোগী কারা, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তা ছাড়া মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থক হিসেবে পরিচিত আবু সুফিয়ানের সঙ্গে নূর হোসেনের ঘনিষ্ঠ সর্ম্পক ছিল বলেও অভিযোগ করা হয়।