১৭ জেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় সক্রিয় থাকবে আ.লীগ
বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে সড়ক-মহাসড়ক সচল রাখতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয়ভাবে ১৭টি জেলার বেশ কয়েকটি স্থানকে ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করা হয়েছে।
আর জেলা-উপজেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রধান থাকবেন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ১৪ দলের নেতারা এই কমিটির সদস্য থাকবেন। আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে কমিটি গঠনের বিজ্ঞপ্তি ডিসি ও ইউএনওদের কাছে পাঠানো হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, সন্ত্রাস প্রতিরোধ কমিটি সংশ্লিষ্ট জেলা-উপজেলায় কোথায় কী ঘটছে তা বিশ্লেষণ করে করণীয় নির্ধারণ করবে।
গত ১২ দিনের টানা অবরোধে রাজধানী ঢাকার সঙ্গে জেলা-উপজেলার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে ২৫ জন নিহত হয়েছে। কয়েক শ গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। অবরোধকারীদের চোরাগোপ্তা হামলায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সরকারের উচ্চপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, অবরোধ কর্মসূচি মোকাবিলায় ওপরে কঠোর মনোভাব দেখালে প্রাণহানির ঘটনায় সরকারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আছে। কীভাবে এ পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে সরকারের মধ্যে নানা চিন্তা-ভাবনা চলছে। সর্বশেষ প্রশাসনের সহায়তায় সংগঠনকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিরোধী দল আন্দোলনের নামে যা করছে তা রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে না। এমনকি নিষিদ্ধ সংগঠনগুলোও এ ধরনের কর্মকাণ্ড করে না। এসব দমন করা সরকারের কাজ। আর সরকারি দল হিসেবে আওয়ামী লীগ শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
অবরোধ মোকাবিলায় সমমনা দলগুলোকেও মাঠে নামানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। সড়ক-মহাসড়কের যেসব অংশে নাশকতা হচ্ছে সেখানে ১৪ দলের উদ্যোগে সভা-সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী ও গাইবান্ধায় কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে জনসভা করা হবে।
১৪ দলের অন্যতম নেতা রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় ১৪ দল মাঠে থেকে সন্ত্রাসীদের প্রতিরোধ করবে। একইভাবে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হবে।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের উচ্চপর্যায় বিএনপির কৌশল ও সামর্থ্যের শেষ দেখতে চান। তাঁরা মনে করছেন, নাশকতা করে বিরোধী দল আন্দোলন সফল করতে পারবে না। তাই প্রশাসনিক পদক্ষেপেই সরকার এই সমস্যা সমাধানের পক্ষে।