১৭ জেলায় তিন দিনে ১৯ খুন
গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে ১৭ জেলায় ১৯ জন খুন হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক দম্পতিও রয়েছেন। বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের পাশাপাশি দুটি পুকুর থেকে গরু ব্যবসায়ী খশরুল মোল্লা (৪০) ও তাঁর স্ত্রী লিপি বেগমের (৩০) লাশ বুধবার সকাল আটটার দিকে উদ্ধার করা হয়েছে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেছবাহ উদ্দিন বলেন, ঈদুল আজহার আগের দিন সোমবার রাত নয়টার দিকে খশরুল ও তাঁর স্ত্রী একই গ্রামের ব্যবসায়ী আরজ আলী, কামাল, তরিকুলের বাড়িতে যান পাওনা টাকার জন্য। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় পুকুর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন ও পেট কাটা ছিল। এজাহারভুক্ত আসামি আরজ আলী, কামাল ও মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরে বুধবার সকালে পারিবারিক বিরোধের জের ধরে তিন ভাই মিলে তাঁদের চাচাতো ভাই আবু তালেব ওরফে আবুলকে (৪৫) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বড়াইগ্রাম থানার ওসি মো. শাহরিয়ার খান বলেন, এ ঘটনায় আবু তালেবের স্ত্রী শাহানারা বেগম হত্যা মামলা করেছেন। অভিযুক্তদের মা ও একজনের স্ত্রীকে আটক করা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের অভিরখিল গ্রামে বুধবার জমি নিয়ে বিরোধের জেরে হোসেন আহম্মদ শাওন (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামে গতকাল ভোরে নিজ বাড়িতে হায়দার আলী ওরফে পলি (৩৭) নামের এক হিজড়া দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। ইসলামপুর থানার ওসি দ্বিন-ই-আলম বলেন, হায়দার আলী রাজধানীর কারওয়ান বাজার এলাকায় থাকতেন। ঈদের আগের দিন সোমবার তিনি গ্রামের বাড়িতে যান। গতকাল ভোরে সাত-আটজন মুখোশধারী ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে হায়দার আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মুখোশধারীরা বাড়ির আসবাব তছনছ করে ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে আখতার মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে। তাঁর বাড়ি মোগলাবাজারের রায়বান গ্রামে।
মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, গ্রাম্য বিরোধ নিয়ে করা একটি মামলায় সাক্ষী ছিলেন আখতার। বুধবার সন্ধ্যায় মামলার আসামিরা আখতারকে বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল ভোরে তিনি মারা যান।
দিনাজপুরের বিরল উপজেলায় ইজিবাইকের চালককে শ্বাসরোধে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঈদের দিন বেলা ১১টার দিকে চালক সুমন আলীর (১৫) লাশ উদ্ধার করে।
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের সদস্য শংকর বাড়ৈর মা ঊষা রানী বাড়ৈকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বাকাল গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ফেনীতে টাকার লেনদেনকে কেন্দ্র করে রিপন হাওলাদার (২১) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে বুধবার রাতে। সে ফেনীর নাসির মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ জহিরুল ইসলাম নামে রিপনের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। জহিরুল গতকাল ফেনীর একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের বুড়িরপুকুর এলাকায় রাস্তার পাশ থেকে শিবলী মণ্ডল (১৭) নামের এক কলেজছাত্রের লাশ গতকাল উদ্ধার করে পুলিশ। সে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, বুধবার রাত আটটার দিকে কয়েকজন যুবক শিবলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর সে আর বাড়ি ফেরেনি। ভোরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বুড়িরপুকুরে রাস্তার পাশে তার লাশ খুঁজে পায় স্বজনেরা। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় সোনিয়া আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঈদের দিন উপজেলার শোভারামপুর গ্রামে সোনিয়ার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শরিফুল ইসলামসহ সাতজনের নামে মামলা করেছেন সোনিয়ার বাবা।
এদিকে নিখোঁজ হওয়ার তিন দিন পর বুধবার বিল্লাল হোসেন (৩০) নামের এক অটোরিকশাচালকের লাশ কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার গাজীপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শরীয়তপুর সদরের দক্ষিণ কেবলনগড় গ্রামের আলী হোসেন বকতারকে (৬০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে গতকাল সকালে। তাঁর পরিবারের অভিযোগ, একই গ্রামের কয়েকজন দুর্বৃত্ত আলী হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
শেরপুরের নালিতাবাড়ীতে বুধবার বেড়াতে গিয়ে স্ত্রী মনিকা বেগমকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাকিবুল হাসানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ।
বগুড়া শহরের দত্তবাড়ি-নামাজগড় সড়কের পাশে কাটনারপাড়া এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন আবদুল জলিল (৪০) নামের এক রিকশাচালক। ছিনতাইকারীরা কিছু টাকা আর কোরবানির মাংস ছিনিয়ে নিতে তাঁকে বুকে ও পিঠে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী।
মৌলভীবাজারের বড়লেখায় ঈদের দিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মায়ারুন্নেছাকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে মারা যান কুতুব আলী (৫৬)।
এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম পাটোয়ারী (৬৫) মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন ঢাকায়। রোববার রাত প্রায় সাড়ে ১০টায় ঢাকার রমনা থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গত ইউপি নির্বাচনের জের ধরে প্রতিপক্ষ তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছে। এ ঘটনায় রমনা থানায় হত্যা মামলা করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামে গতকাল বিকেলে প্রতিবেশীদের হামলায় সোহরাব হোসেন হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোহরাব হোসেন বড়শৌলা গ্রামের মৃত চান্দু হাওলাদারের ছেলে। তিনি সবজির ব্যবসা করতেন।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জালাল নামে একজনকে আটক করা হয়েছে।