১৭ জেলায় ২৯ জুন থেকে বাস ধর্মঘটের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী বাসশ্রমিককে নিঃশর্ত মুক্তি না দিলে ২৯ জুন বুধবার থেকে দক্ষিণ-পশ্চিমবঙ্গের ১৭ জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হবে। অবশ্য, একই দাবিতে ১৮ জুন থেকে মেহেরপুরে ধর্মঘট অব্যাহত রয়েছে। মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডে গতকাল শনিবার এক শ্রমিক সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ-পশ্চিমবঙ্গের সভাপতি ভূষণ ঘোষ এ ঘোষণা দেন।সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ-পশ্চিমবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল রব বক্স, মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, কুষ্টিয়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাতক্ষীরা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ রবিউল ইসলাম, মাগুরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনজার হোসেন, চুয়াডাঙ্গা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, ঝিনাইদহ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপিত আবু সাইয়িদ প্রমুখ। সভায় শ্রমিকনেতারা বলেন, তাঁরা অবিলম্বে আটক বাসশ্রমিকের নিঃশর্ত মুক্তি চান। অন্যথায়, এই দাবিতে তাঁরা দক্ষিণ-পশ্চিমবঙ্গে বাস ধর্মঘটের পর প্রয়োজনে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেবেন। ৯ জুন মেহেরপুর থেকে শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিল। পথে র‌্যাবের সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় একটি প্যাকেটে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে হেরোইন রাখার অভিযোগে গাড়ির সিরাজুল ইসলামকে আটক করে র‌্যাব। এর প্রতিবাদে গত ১৮ জুন থেকে মেহেরপুর বাস শ্রমিক ইউনিয়নের ডাকে মেহেরপুরে বাস ধর্মঘট শুরু হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।মেহেরপুর জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম বলেন, বিষয়টি প্রশাসনের পর্যবেক্ষণে আছে। কুষ্টিয়া র‌্যাব-১২ জানায়, গাড়িটি তল্লাশিকালে হেরোইনসহ এক যাত্রীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ওই যাত্রী নিজেকে বাসের সুপারভাইজার দাবি করেন। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে।